Tuesday, November 14, 2017

বছরে দু’টির বেশি বিদেশী লীগে খেলা যাবেনা

রঙিন ডেস্ক : সাকিব-তামিমরা বছরে দু’টির বেশি বিদেশী লীগ খেলতে পারবেন না। একই সাথেচুক্তিতে থাকা ক্রিকেটারদের জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) এবং বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) খেলা বাধ্যতামূলক করা হচ্ছে।এর আগেও এই আসরগুলোতে খেলার নির্দেশনা ছিল। তবে এ বছর থেকে এই আদেশ বাধ্যতামূলক করে বোর্ডের বেতনভুক্ত ক্রিকেটারদের প্রত্যেককে চিঠি পাঠানো হয়েছে।
বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগ (পিসিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-সহ বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বাংলাদেশের ক্রিকেটারদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তবে এবার বাংলাদেশি ক্রিকেটারদের বছরে মাত্র দুটি অনাপত্তিপত্র অনুমোদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এমন সিদ্ধান্ত প্রসঙ্গে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সার্বিক দিক বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্তটি নিয়েছি। আমাদের পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটসূচিতে খুব বেশি ম্যাচ, তার ওপর ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রামের ব্যাপারও আছে। এর সঙ্গে জড়িত খেলোয়াড়দের ইনজুরি ব্যবস্থাপনার বিষয়টিও। আমরা চাই আন্তর্জাতিক খেলার সময় আমাদের সেরা খেলোয়াড়দের সবাইকে পেতে। তাই বছরে দুটির বেশি বিদেশি লিগে খেলতে দেওয়া হবে না কাউকেই।’
একসময় শুধু সাকিব আল হাসানকেই বিদেশিলিগগুলোতে খেলতে দেখা যেত। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির পাশাপাশি বেড়েছে বাংলাদেশি ক্রিকেটারদের চাহিদাও। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানরাও এখন ডাক পান বিভিন্ন দলে। ঠিক এমন সময়ই বাংলাদেশি ক্রিকেটারদের উপরে এমন চাপ কতোটা ইতিবাচক ফল দেবে তা এখন দেখার বিষয়।


No comments:

Post a Comment