Saturday, November 25, 2017

আজ আনন্দ শোভাযাত্রা : বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ

রঙিন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে  আজ শনিবার দেশজুড়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সরকারি উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রাকালে রাজধানী ঢাকা ছাড়াও দেশজুড়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, আলোকচিত্র, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনসহ অন্যান্য অনুষ্ঠানমালারও আয়োজন করা হয়েছে।
১ নভেম্বর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ২৫ নভেম্বর এই স্বীকৃতি উদযাপনের কর্মসূচি হাতে নেওয়া হয়। জাতির পিতার ৭ মার্চের ভাষণের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব সম্পর্কে দেশের জনগণ বিশেষ করে শিক্ষার্থী ও ভবিষ্যৎ প্রজন্মকে অবহিত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
যেভাবে আনন্দ শোভাযাত্রা : আনন্দ শোভাযাত্রার কেন্দ্রীয় কর্মসূচিতে শনিবার দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি কলাবাগান-সায়েন্সল্যাব হয়ে শাহবাগ গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে। পরে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বাগত বক্তব্যের পর ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপট বর্ণনা করে ভাষণটি বাজানো হবে। আর প্রধানমন্ত্রীর ভাষণের পর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। লেজার শোর মাধ্যমে শেষ হবে আনন্দ শোভাযাত্রার এই সমাবেশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়েও আজ দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিকেল ৩টায় আনন্দ শোভাযাত্রা আয়োজিত হবে। সংগঠনের চেয়ারম্যান শেখ কবির হোসেনের নেতৃত্বে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ব্যানারেও আনন্দ শোভাযাত্রা বের হবে। ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান থেকে এসব শোভাযাত্রা শুরু হয়ে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হবে।
এসব শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিশু-কিশোর, ক্রীড়া সংগঠক ও খ্যাতিমান ক্রীড়াবিদ, সংস্কৃতিকর্মী ও সংগঠক, শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, এনজিও, স্কাউটস ও রোভার, পুলিশের সুসজ্জিত ঘোড়া, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুসজ্জিত বাদক দল, সুসজ্জিত ঘোড়ার গাড়ি এবং সর্বস্তরের জনগণ অংশ নেবেন।

No comments:

Post a Comment