Wednesday, April 25, 2018

গরমে কেমন হবে শিশুদের পোশাক

রঙিন ডেস্ক : ঋতু বদলের সঙ্গে প্রকৃতিও বদলায় তার রূপ। এই মেঘ এই বৃষ্টি—এ যেন বিশ্ব প্রকৃতির শিশুসুলভ এক লুকোচুরি খেলা। আর হাওয়া বদলের খেলায় বাড়ছে তাপদাহ। ঋতু বদলের পালায় আবহাওয়ার পরিবর্তন তো হবেই। তাই পরিবর্তন হয় পোশাকেও। বিশেষ করে এই সময়ে সবচেয়ে বেশি ভাবতে হয় বাড়ির শিশুদের নিয়ে। কেননা গরমে শিশুর পোশাক কেমন হবে, কী ধরনের পোশাক শিশুদের জন্য আরামদায়ক হবে। এসব ভাবনা চলে আসে প্রকৃতির রূপ বদলের সঙ্গে সঙ্গে। মোটা কাপড়ের পোশাক হলে ঘামে ভিজে অনেক সময় শিশু অসুস্থ হয়ে পড়তে পারে। বেশি গরমে শিশুর গায়ে ঘামাচিও হতে পারে। তাই এই সময়ে শিশুর জন্য বেছে নিন আরামদায়ক পাতলা পোশাক। যেটা পরলে সে সহজে ঘেমে যাবে না কিংবা শরীরে ঘামাচিও উঠবে না।
একই সাথে গরমকালে শিশুদের হালকা রঙের পোশাক যেমন আকাশি, হালকা সবুজ, হালকা গোলাপি, সাদা, ধূসর, বাদামি ইত্যাদির উপর রঙিন ছাপা বা প্রিন্টের পোশাক বেছে নিতে পারেন। এতে শিশুদের দেখতে বেশ ভালো লাগে। তবে তারা যেহেতু খেলাধুলা বা ছোটাছুটি করে বেশি, তাই রঙিন পোশাক পরতে চাইলে ব্লক বা বাটিকের পাতলা সুতি পোশাক বেছে নিতে পারেন। এছাড়াও শিশুদের জন্য ছোট বা মাঝারি প্রিন্টের পোশাক বেশি মানানসই। ফুল, পাতা, পাখি, জ্যামিতিক নকশা বা বল প্রিন্টের পোশাক পরাতে পারেন। এতে শিশুদের প্রাণবন্ত ও উচ্ছল লাগে। তবে শিশুদের জন্য যে ধরনের পোশাকই নির্বাচন করা হোক না কেন, তা যেন খুব বেশি আঁটসাঁট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাতাস চলাচল করতে পারে এমন ঢিলেঢালা পোশাক শিশুদের জন্য বেশি উপযোগী।


No comments:

Post a Comment