rongginnbd
Tuesday, April 17, 2018
বৃহস্পতিবার শিল্পকলায় স্বপ্নদলের ‘হেলেন কেলার’
রঙিন প্রতিবেদক:
স্বপ্নদলের প্রযোজনা ‘হেলেন কেলার’। আগামী বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এর ১৫তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
‘বিশ্বের বিস্ময়’ মহিয়সী নারী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক এই মনোড্রামাটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করেছেন জুয়েনা শবনম এবং প্রযোজনা-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল।
স্বপ্নদলের ‘হেলেন কেলার’ প্রযোজনাটি অন্ধ ও বধির হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান সালিভানের অতি-মানবিক প্রেরণায় হেলেন কেলারের সকল নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি। এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী আ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন-মার্ক টোয়েন-কেনেডি-আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বদের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা।
উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত-স্বরূপ! উঠে আসে নারীজাগরণ-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি উচ্চকিত হয় ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গও।
অজস্র প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে প্রকাশিত ও বিকশিত হয়ে মানবকল্যাণে নিবেদিত হতে পারাটাই হয়তো জীবনের চূড়ান্ত সার্থকতা- এ উচ্চাঙ্গের অনুভবটিই শেষাবধি প্রধান হয়ে ওঠে হেলেন কেলারের জীবনীনির্ভর এবং গবেষণাগার পদ্ধতিতে নির্মিত ঐতিহ্যের ধারায় আধুনিক বাঙলা নাট্যরীতির এ প্রযোজনায়।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment