Saturday, November 25, 2017

মিশরে হামলার সর্বোচ্চ শক্তিতে জবাব দেয়ার অঙ্গীকার

রঙিন ডেস্ক: মিশরে হামলার সর্বোচ্চ শক্তিতে জবাব দেয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি। দেশটির উত্তর সিনাই প্রদেশের বির আল-আবেদ শহরের আল-রউদা মসজিদে হওয়া স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় করা ওই হামলায় আহত হন শতাধিক মুসল্লি।
হামলার কয়েক ঘণ্টা পর এ নিয়ে আলোচনা শেষে রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি বলেন, ‘যা হচ্ছে তা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা থেকে আমাদের ঠেকানোর একটি চেষ্টা। পুলিশসহ পুরো সশস্ত্র বাহিনী সর্বোচ্চ শক্তি দিয়ে হামলায় শহীদদের নামে প্রতিশোধ নেবে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনর্প্রতিষ্ঠা করবে।’
২০১৩ সালের পর থেকে দেশটিতে ধর্মভিত্তিক সন্ত্রাসীদের হামলা বেড়েছে। মসজিদের ভেতরের ছবি থেকে হামলায় নিহতদের রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এক প্রতিবেদনে বলা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর একজন সমর্থক ছিলেন এই হামলার লক্ষ্য। তিনি ওই সময় সেখানে নামাজ পড়ছিলেন।
বিস্ফোরণের পর আতঙ্কিত মানুষ যখন পালানোর চেষ্টা করছিল, তখন তাদের ওপর নির্বিচারে গুলি চালায় হামলাকারীরা। ওই মসজিদের প্রবেশ পথ আটকে দেওয়ার জন্য বাইরে থাকা যানবাহনে আগুন ধরিয়ে দেয় তারা। প্রায় ৪০ জন অস্ত্রধারী এই হামলায় অংশ নেয় বলে তথ্য দিয়েছে রয়টার্স।


No comments:

Post a Comment