Friday, January 19, 2018

তুরাগ তীরে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বে শীতের তীব্রতা কম। আজ কুয়াশা নেই। এ পর্বে ঢাকার একাংশসহ দেশের ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। ইজতেমায় যোগ দিতে বুধবার থেকে দেশের ওই সব অঞ্চলের মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। বৃহস্পতিবার রাত অব্দি কয়েক লাখ মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। পুরো ইজতেমা ময়দান যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। এক সঙ্গে কয়েক লাখ লোক একস্থানে অবস্থান করলেও কারো কোনো অভিযোগ নেই, বিরক্তি নেই। সবাই মগ্ন হয়ে বিশ্ব ইজতেমার শীর্ষস্থানীয় মুরব্বিদের বয়ান শুনছেন। ইজতেমার এ পর্বেও দেশি মুসল্লিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরাও অংশ নিচ্ছেন।
বিশ্ব ইজতেমায় যোগ দেওয়া মুসল্লিদের নিরাপত্তা দিতে সাত স্তরে প্রায় ৭ হাজার পুলিশ বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশ এলাকায় নিয়োজিত রয়েছে বলে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন। ওয়াচ টাওয়ার, সিসি টিভি, তুরাগ নদে নৌটহলসহ ময়দানের ভেতরে ও বাইরে পোশাকে-সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
দ্বিতীয় পর্বের ইজতেমায় মুসল্লিদের অংশ নেওয়ার জন্য জেলাওয়ারি পুরো প্যান্ডেলকে ২৮টি খিত্তায় ভাগ করা হয়েছে। এতে ১৬টি জেলার মুসল্লিগণ অংশ নেবেন।   খিত্তা অনুযায়ী এসব জেলাগুলো হচ্ছে, ১নং খিত্তায়  ঢাকা-০১, ২ নং খিত্তায় ঢাকা-০২, ০৩ নং খিত্তায় ঢাকা-০৪, ৪ নং খিত্তায় ঢাকা-১৯, ৫ নং খিত্তায় ঢাকা-২০, ৬ নং খিত্তায় ঢাকা-২১, ৭নং খিত্তায় ঢাকা-০৩, ৮নং খিত্তায় ঢাকা-২৩, ৯ নং খিত্তায় ঢাকা-২২, ১০ নং খিত্তায় ঢাকা-০৬, ১১নং খিত্তায় জামালপুর-০১, ১২নং খিত্তায় জামালপুর-০২, ১৩নং খিত্তায় ফরিদপুর, ১৪নং খিত্তায় কুড়িগ্রাম, ১৫নং খিত্তায় ঝিনাইদহ, ১৬নং খিত্তায় ফেনী, ১৭নং খিত্তায় সুনামগঞ্জ, ১৮নং খিত্তায় ঢাকা-০৭, ১৯নং খিত্তায় ঢাকা-০৫, ২০নং খিত্তায় চুয়াডাঙ্গা, ২১ নং খিত্তায় কুমিল্লা-০১, ২২নং খিত্তায় কুমিল্লা-০২, ২৩নং খিত্তায় রাজশাহী-০১, ২৪নং খিত্তায় রাজশাহী-০২, ২৫নং খিত্তায় খুলনা-০১, ২৬নং খিত্তায় ঠাকুরগাঁও, ২৭নং খিত্তায় খুলনা-০২ ও ২৮ নং খিত্তায় পিরোজপুর জেলার মুসল্লিগণ অবস্থান নেবেন।
আগামী ২১ জানুয়ারি দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আর এ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৩তম বিশ্ব ইজতেমা।

No comments:

Post a Comment