Thursday, October 26, 2017

মাশরাফির নেতৃত্বে মুখিয়ে আছেন শাহরিয়ার

রঙিন ডেস্ক : রংপুর রাইডার্সের প্রধান কোচ টম মুডি অনুশীলনের প্রথমদিন জানিয়েছিলেন, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাথে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। কোচের সঙ্গেই সুর মেলালেন রংপুর রাইডার্সের অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসও। জাতীয় দলের বাঁহাতি এই ব্যাটসম্যান জানালেন, বিপিএলে মাশরাফির নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন দলের প্রায় সব ক্রিকেটার।
মঙ্গলবার রাতে ঢাকা এসে পৌঁছান রংপুরের প্রধান কোচের দায়িত্ব পাওয়া টম মুডি। বুধবার তার অধীনে অনুশীলন করেছেন দলের ক্রিকেটাররা। তাদের মধ্যে ছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার শামসুর রহমান শুভ ও শাহরিয়ার নাফিস। অনুশীলন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৪ টেস্ট, ৭৫ ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি খেলা নাফিস।
বিপিএলের পঞ্চম আসরে তারকা খচিত দল গড়েছে রংপুর। একই সাথে দলের তত্ত্বাবধানে থাকছে অভিজ্ঞ কোচিং স্টাফ। প্রধান কোচ থাকছেন শ্রীলঙ্কার সাবেক কোচ এবং আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি। আর অধিনায়ক হিসেবে থাকছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি-মুডি দুজনের অভিজ্ঞতায় আস্থা নাফিসের, ‘টম মুডি একজন হাই প্রোফাইল কোচ। তার দেওয়া পরামর্শ ও মাশরাফির নেতৃত্বে আমরা ভাল অবস্থানে যেতে চাই। এখন আমাদের লক্ষ্য সুপার ফোর।’

No comments:

Post a Comment