rongginnbd
Tuesday, October 24, 2017
‘অল অ্যাবাউট তানজিন তিশা’ (ভিডিও)
রঙিন ডেস্ক : ‘মাথার মধ্যে বিয়ে ব্যাপারটা একদমই নেই। তবে এটা সত্যি যে বিয়ে তো করবই। অবশ্যই করব। ভালো একটা মানুষ পাই আমার মতো, আমার মনের মতো, তখন বিয়ে করে ফেলব।’ নিজের বিয়ে নিয়ে কথাগুলো বলছিলেন মডেল-অভিনেত্রী তানজিন তিশা।
আলোকচিত্রী রফিকুল ইসলাম রাফের পরিচালনায় গতকাল সোমবার দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ‘অল অ্যাবাউট তানজিন তিশা’ নামে একটি ভিডিও আপলোড করেছেন তিশা। ভিডিওতে তার ফটোশুট দেখানো হয়। এ ছাড়া নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিশা।
তিশার মডেলিং ও অভিনয় জগতে আসার পেছনে তার মায়ের অবদান সবচেয়ে বেশি বলে ভিডিওতে জানান তিনি। তিশা বলেন, ‘আমি আজকে এখানে বসে আছি এটা শুধু আমার মায়ের জন্য।’
তবে ক্যারিয়ারের শুরুর দিকে তিশার বাবা তাকে সমর্থন দেননি। প্রায় দুই বছর তার সঙ্গে নাকি ঠিকমতো কথাও বলতেন না তিনি।
এ বিষয়ে তিশা বলেন, ‘আব্বু জাস্ট এসব হেইট করত। কিন্তু আব্বু যখন দেখেছে তার মেয়ে সম্মান রেখে মিডিয়ায় কাজ করছে, ভালো ভালো কাজ করছে। তার কলিগদের কাছ থেকে আমার ও আমার কাজ সম্পর্কে ভালো কিছু শুনছে, তখন আব্বুর আচরণ একদম বদলে যায়। আব্বু এখন টিভিতে আমার শো দেখে, নাটক দেখে। মায়ের সমর্থন তো ছিলই, আবার বাবার না থেকে হ্যা হওয়া, এই বিষয়টাও আমাকে কাজ করতে অনেক অনুপ্রাণিত করেছে।’
‘অল অ্যাবাউট তানজিন তিশা’ প্রসঙ্গে কে তিনি বলেন, ‘এটা খুব মজা নিয়ে আমি করেছি। আমরা তো পোর্টফোলিওর জন্য ফটোশুট করে থাকি। আমি ভাবলাম, পোর্টফোলিওর সঙ্গে নিজের কিছু কথাবার্তা থাকলে ভালো হয়। তবে এই কাজটা করার ধারণা অন্য আরেকজনের কাছ থেকে আমি পেয়েছিলাম। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা করব।’
বর্তমানে তিশা নাটক ও মডেলিং করে ব্যস্ত সময় পার করছেন। তবে সম্প্রতি একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানান তিনি। এ বিষয়ে তিশা বলেন, ‘ছবির নাম এখন প্রকাশ করতে চাই না। তবে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি, এটা মিথ্যা নয়। আমার ভিসা জটিলতার কারণে ছবির শুটিং এখনো শুরু করতে পারিনি। তবে শিগগির ছবির শুটিং শুরু করব। আপাতত এটুকু বলতে চাই।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment