rongginnbd
Friday, October 27, 2017
জয়ের কাছে গিয়েও সাকিবদের হার
রঙিন ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ও ওয়ানডেতে বাংলাদেশের বোলিংয়ের সাথে ব্যাটিংয়েও ছিলো ব্যর্থতা। দুই ফরমেটেই অসহায় আত্মসমার্পন করে মুশফিক-মাশরাফির দল। তবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সৌম্যর ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের খুব কাছে গিয়েও হার এড়াতে পারেনি সাকিব আল হাসানের দল। ব্লুমফন্টেইনের এ ম্যাচটিতে ২০ রানে হেরেছে বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৯৫ রান। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে রানের চাকা সচল ছিল শুরুর দিকে। ওপেনিং জুটিতে আসে ৪৩ রান। চতুর্থ ওভারে জুটি ভাঙেন হ্যান্ড্রিকস। ইমরুলকে ১০ রানে তালুবন্দী করেন তিনি। এরপর অধিনায়ক সাকিব নেমে দৃষ্টিনন্দন শট খেলেছিলেন। তবুও থিতু হতে পারেননি। ১৩ রানে ব্যাট করতে থাকা অধিনায়ককে ক্যাচ আউটে সাজঘরে ফেরান অভিষিক্ত রবি ফ্রাইলিঙ্ক।
সৌম্য সরকারকে কেউ যোগ্য সঙ্গ না দিলেও ব্যাটে রিতিমত ঝড় তুলে দেন। হাফসেঞ্চুরির দিকেই ছিলেন একসময়। কিন্তু ব্যক্তিগত ৪৭ রানে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ফেহলুকায়ো। যদিও শুরুতে আম্পায়ার আউট দেননি। রিভউ নিলে পরে টিভি আম্পায়ারের সিদ্ধান্তে সাজঘরে ফেরেন ৩১ বলে দুর্দান্ত ইনিংস খেলা ওপেনার।
কিছুক্ষণ বড় শট খেলে সাজঘরে ফেরেন মুশফিকও। মুশফিককে বিদায় করেন ফাঙ্গিসো। নতুন নামা মাহমুদউল্লাহকেও থিতু হতে দেননি ফেহলুকায়ো। লিডিং এজ হলে তালুবন্দী হন আমলার। আসা যাওয়ার মিছিল দেখে হয়তো প্রতিরোধ গড়তে চেয়েছিলেন সাব্বির। দুটি ছক্কার সাহায্যে ১৬ বলে করেছিলেন ১৯ রান। কিন্তু তাকেও সাজঘরে ফেরান হ্যান্ড্রিকস।
মেহেদী হাসান মিরাজ ও সাইফউদ্দিন চেষ্টা করেছিলেন রানের গতি বাড়াতে। গুরুত্বপূর্ণ এই জুটি ভেঙে দিয়ে নিজেদের জয়টাকে আরো কাছে নিয়ে আসেন ডেন প্যাটারসন। মেহেদী হাসান মিরাজকে করেন বোল্ড এরপরের বলে তাসকিনকে এলবিডাব্লউতে ফেরান তিনি। মিরাজ ফেরেন ৮ বলে ১৪ রান করে। যাতে ছিল একটি চার ও একটি ছয়। এরপর শেষ দিকে অপরাজিত ছিলেন সাইফউদ্দিন (৩৯) ও রুবেল হোসেন (২)। কিছু রান আসলেও শেষ দিকে তা ব্যবধান কমায় মাত্র।
প্রোটিয়াদের পক্ষে দুটি করে উইকেট নেন ফেহলুকায়ো, প্যাটারসন, ফ্রাইলিঙ্ক ও হ্যান্ড্রিকস। একটি নেন ফাঙ্গিসো।ম্যাচসেরা হন এবি ডি ভিলিয়ার্স।
এর আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের শুরুতে না পারলেও মাঝের দিকে নিয়ন্ত্রিত বোলিং করেছিল বাংলাদেশ। তাতেও দক্ষিণ আফ্রিকার রানের চাকার গতি কমাতে পারেনি সফরকারীরা। বাংলাদেশকে প্রথম টি-টোয়েন্টিতে ১৯৬ রানের লক্ষ্য দেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে প্রোটিয়ারা সংগ্রহ করেছে ১৯৫ রান।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment