Friday, November 17, 2017

দীপিকার বাড়ির সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা!

রঙিন ডেস্ক : ‘পদ্মাবতী’ ছবি নিয়ে ক্ষোভ এতটাই তীব্র হয়েছে যে নায়িকা দীপিকা পাডুকোনের নাক কেটে নেওয়ার হুমকি দিয়েছে স্বঘোষিত এই রাজপুত সংগঠন কর্ণি সেনা। আর তাই বলি-অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে কোনো রকমের ঝুঁকি নিতে চাইছে না মুম্বাই পুলিশ। দীপিকার বাড়ির সামনে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এমনটাই জানা গেছে সংবাদ সংস্থা এএনআই থেকে।
যতদিন যাচ্ছে, সঞ্জয় লীলা বনশালির ড্রিম প্রজেক্ট নিয়ে বিক্ষোভকারীদের উত্তাপ বেড়েই চলেছে। পর্দার ‘পদ্মাবতী’কে ‘নাচনেওয়ালি’ বলে কটাক্ষ করেছেন কর্ণি সেনার নেতা লোকেন্দ্র সিং কালভি। এই ঘটনায় ছবির মুক্তির দিন অর্থাৎ পয়লা ডিসেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছেন তিনি। এমনকী দীপিকাকে পঙ্গু করার শাসানিও দেওয়া হয় সংগঠনের তরফে।
রাজস্থানে শুটিং করার সময় থেকেই তাদের রোষের মুখে পড়তে হচ্ছে টিম পদ্মাবতীকে। তারপর কোটায় প্রেক্ষাগৃহ ভাঙচুর, রাজস্থানের বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলা হয়েছে ছবির পোস্টার। এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন নায়িকা দীপিকা পাডুকোন। পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দেন অভিনেত্রী। এবার কর্ণি সেনার রাজস্থান শাখার সভাপতি মহীপাল সিং মকরাল দীপিকার নাক কেটে নেওয়ার হুমকি দিলেন। তারপরই নায়িকার বাড়ির সামনে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। আঁটসাট করা হয়েছে মুম্বাই অফিসের সামনের নিরাপত্তাও। মুম্বাইয়ের যুগ্ম পুলিশ কমিশনার দেবেন ভারতি জানাচ্ছেন, দীপিকা পাডুকোনের নাক কেটে নেওয়ার হুমকি দিয়েছে কর্ণি সেনা। আবার বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আরেক সংগঠন ক্ষত্রিয় সমাজ বনশালি ও দীপিকার মুণ্ডচ্ছেদের জন্য ৫ কোটি টাকা অর্থ পুরস্কারও ঘোষণা করেছিল। তারপরই তার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে পদ্মাবতী নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও কৌশলে বিরোধিতা করেছেন। তিনি জানিয়েছেন ছবি মুক্তি পেলে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তার দায় কিন্তু প্রশাসন নেবে না বলে হুঁশিয়ারি দেন যোগী। তবে নিজের অবস্থান আগেই ব্যাখ্যা করেছেন পরিচালক। বিজ্ঞপ্তি জারি করে বলেছিলেন তার ছবিতে ইতিহাসকে বিকৃত করা হয়নি। কিন্তু তাতে যে কোনো সুরাহা হয়নি, তা স্পষ্ট।


No comments:

Post a Comment