Saturday, November 25, 2017

তৃপ্ত অনুভূতিতে আছেন মাহমুদুল্লাহ

রঙিন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) এক হাজার রান করা ক্রিকেটারের তালিকায় আছেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার। এই সাতজনের মধ্যে পাঁচজনই কোন না কোন দলের আইকন। আর তাদের মধ্যে মুশফিককে ছাড়িয়ে এখন শীর্ষে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আদ বিপিএলের নিজের ধারাবাহিক পারফর্মেন্সে খানিকটা তৃপ্ত অনুভূতিতে আছেন মাহমুদুল্লাহ।
অবশ্য রংপুর রাইডার্স-খুলনা টাইটানস ম্যাচের একটা সময় পর্যন্ত ব্যাটিংয়ের শীর্ষ নামটি কিন্তু ছিল মাহমুদ উল্লাহরই। রাজশাহী কিংসের বিপক্ষে ঠিক আগের ম্যাচেই ৫৬ রানের ইনিংস খেলে দলের জয়ে রেখেছিলেন বিশাল ভূমিকা। রংপুরের বিপক্ষে পাওয়া তার টানা দ্বিতীয় ফিফটি তাঁকে কয়েক ঘণ্টার জন্য রাখে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার এক নম্বরেও। ৭ ম্যাচে ৪১.৩৩ গড়ে ২৪৮ রান তার। স্ট্রাইক রেটও (১৩২.৬২) বোপারার (১২৩) চেয়ে বেশি ছিলো।
আর বিবেচ্য যদি হয় বিপিএলের গত আসরের ধারাবাহিকতা ধরে রাখা, তাহলে এখানেও সবচেয়ে এগিয়ে থাকা নামটি মাহমুদ উল্লাহরই। গতবার খুলনা চূড়ান্ত সাফল্য না পেলেও ব্যাটে-বলে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দলকে যেমন সেরা চারে রেখেছিল, তেমনি নিজেও ভেসেছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়ার স্বীকৃতির আনন্দে। ১৪ ম্যাচে ৩৩ গড়ে করেছিলেন তামিম ইকবালের (৪৭৬) পর টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৩৯৬ রান। সেই সঙ্গে বল হাতে অফস্পিনেও একাধিক ম্যাচে জয়-ভাগ্য নির্ধারণ করা মাহমুদ উল্লাহ নিয়েছিলেন ১০ উইকেট।


No comments:

Post a Comment