Tuesday, December 26, 2017

আদম পাচার : পরিচালক অনন্য মামুন মালয়েশিয়ায় গ্রেপ্তার

রঙিন ডেস্ক : অনুষ্ঠানের আড়ালে মানব পাচারের অভিযোগে চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ। গত রবিবার রাত ১২টায় কুয়ালালামপুরের জালান ইপোর পুত্রা কোর্ট কন্ডোমিনিয়ামের একটি অ্যাপার্টমেন্ট থেকে মিরাজ শ্যাম নামে এক সহযোগীসহ মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘সিনেমাটিক বাংলাদেশি নাইটস’ অনুষ্ঠানের নামে সেখানে দেশের অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী ও কণ্ঠশিল্পী ও নাচ-গানের দল নিয়ে অনুষ্ঠান করার একদিন পর এই কলঙ্কজনক ঘটনা ঘটল। এখন সেখানে অবস্থানরত সংগীতশিল্পী ও নায়ক-নায়িকারা আতঙ্কে রয়েছেন। তারা নিজেদের খরচে দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন।
গত শনিবার কুয়ালালামপুরের উইজমা এমসিএ সেন্টারে ‘সিনেমাটিক বাংলাদেশি নাইটস’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন অনন্য মামুন। বিনোদন সংস্থা সিনেমাটিকের ‘বাংলাদেশি নাইটস’ হলেও চিত্রপরিচালক অনন্য মামুনের আমন্ত্রণেই দেশীয় শিল্পীরা মালয়েশিয়া সফরে যান। সফলভাবে অনুষ্ঠান শেষ হলেও আদম পাচারের দায়ে গ্রেপ্তার হন বিতর্কিত ছবি ‘অস্তিত্ব’ খ্যাত নির্মাতা মামুন।
অনন্য মামুনের নেতৃত্বে মালয়েশিয়া যান সংগীতশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, চিত্রনায়িকা আইরিন সুলতানা, মিষ্টি জান্নাত, মিম, স্পর্শিয়া, চিত্রনায়ক নিরব, ইমন, আমান রেজা, সাঞ্জুজন, মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখ, আশনা হাবিব ভাবনা, কবির তিথি ও গানের দল চিরকুট। অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস।
দেবাশীষ বিশ্বাস গণমাধ্যমকে জানান, অনুষ্ঠানের আড়ালে অনন্য মামুন আদম পাচারের মতো অপরাধ করছে বলে তারা জেনেছেন। হঠাৎ করে আমাদের দলের কয়েকজন শিল্পী আদম পাচারের বিষয়টি জানতে পারেন। মালয়েশিয়ার পুলিশের কয়েকজন সদস্য আমাদের সঙ্গে কথা বলেন। বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছি। তিনি বলেন, বাইরের দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।
এর আগে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আদম পাচার করেছে বলে পুলিশের গোয়েন্দাদের কাছে তথ্য আছে। ২০১৪ সালের ২১ জুন চলচ্চিত্র পরিচালক সমিতির এক বৈঠকে শিক্ষাগত যোগ্যতার জাল সনদপত্র জালিয়াতি করে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের নামে ভারতীয় ছবি বাংলাদেশে প্রদর্শনসহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে পরিচালক সমিতি তাকে বহিষ্কার করে।

No comments:

Post a Comment