rongginnbd
Thursday, December 7, 2017
বরুশিয়া ডর্টমুন্ডকে হারালো রিয়াল
রঙিন ডেস্ক :
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যে শেষ ষোলোতে যাওয়া হচ্ছে না, সেটা আগের রাউন্ডের ম্যাচেই জানা হয়ে গিয়েছিল। তবু বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচটার গুরুত্ব কম ছিল না। এই ঘরের মাঠেই চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচে টটেনহামের সঙ্গে ড্র করতে হয়েছিল রিয়ালকে। ডর্টমুন্ডের বিপক্ষে অবশ্য জিতেই মাঠ ছেড়েছে। তবে ইউরোপ চ্যাম্পিয়নদের সেজন্য দিতে হয়েছে কঠিন পরীক্ষা। জার্মান ক্লাবটির বিপক্ষে তাদের জয়টা ৩-২ গোলের।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়ের পথে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যাতে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা। রোনালদোই একমাত্র খেলোয়াড়, যিনি গ্রুপ পর্বের প্রত্যেক ম্যাচে লক্ষ্যভেদ করেছেন। ১২ মিনিটে তার গোলের আগেই অবশ্য ডর্টমুন্ডের বিপক্ষে লিড নিয়েছিল রিয়াল, অষ্টম মিনিটে যখন জাল খুঁজে পান বোরহা মায়োরাল।
২ গোলে পিছিয়ে পড়লেও হাল ছেড়ে দেয়নি আগেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়া ডর্টমুন্ড। ৪৩ মিনিটে তারা ঠিকই খেলায় ফেরে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে। বিরতি থেকে ফিরে এসে সফরকারীরা সমতায়ও ফেরে অবামেয়াংয়ের দ্বিতীয় লক্ষ্যভেদে। তবে রিয়ালকে বড় ধাক্কা থেকে বাঁচিয়েছেন লুকাস ভাসকেস। ৮১ মিনিটে এই উইঙ্গারের লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা।
সূত্র: গোল ডটকম
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment