rongginnbd
Saturday, December 2, 2017
সেরা চারে থাকতে কুমিল্লার বিপক্ষে আজ রংপুর
রঙিন ডেস্ক :
বিপিএলের সেরা চারে টিকে থাকতে আজ তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে দুপুর ১টায় ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন ও গাজি টেলিভিশন।
অপরদিকে সন্ধ্যায় মুখোমুখি হবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।
ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালামদের নিয়ে বিপিএলের শক্তিশালী দল মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। এখন পর্যন্ত ৯ ম্যাচের ৫টিতেই জিতেছে তারা। ১০ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। আজ জিতলেই ১২ পয়েন্ট নিয়ে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে শেষ চার।
দিনের পরের ম্যাচে রাজশাহী হারলে তাদের শেষ রংপুর রাইডার্সের আর কোনো বাধাই থাকবে না। তবে রাজশাহী জিতলে তাদের সামনে সুযোগ থাকবে খুলনা ও ঢাকার বিপক্ষে শেষ দুই ম্যাচে।
আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ ম্যাচের ৭ জয়ে এরই মধ্যে নিশ্চিত করেছে শেষ চার। এখন তাদের সামনে শুধু শীর্ষস্থান ধরে রাখার লড়াই। অধিনায়ক তামিমের দলে বড় কোনো তারকা না থাকলেও মাঠে তারা ভারসাম্যপূর্ণ দল। এর মধ্যে অধিনায়ক তামিম শুরুতে ইনজুরির কারণে না থাকলেও মাঠে নেমে তার ব্যাটিং ঝলক দেখাতে শুরু করেছেন। টানা দুই ম্যাচে ফিফটি হাঁকান তিনি।
তবে রংপুরের জয়ের নায়ক খোদ মাশরাফি বিন মুর্তজা। দুই ম্যাচে তার ব্যাটিং ক্যারিশমাতে জিতেছে দল।
দলের জয় নিয়ে বেশ আশাবাদী দেশি তারকা মোহাম্মদ মিঠুন। ৯ ম্যাচে করেছেন ২৩০ রান। যদিও এখনো কোনো ফিফটি করতে পারেননি তিনি। তাই দলের জন্যই নয়, নিজের স্কোরটি বড় করাটাও তার বড় লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা জয়ের জন্য মাঠে নামবো। আর টি-টোয়েন্টি ম্যাচে এখানে আগে থেকে কোনো কিছু বলে লাভ নেই। মাঠে যে দল নিজেদের সেরাটা দিতে পারবে তারাই এগিয়ে থাকবে। আর ব্যক্তিগত লক্ষ্যের কথা যদি বলেন তাহলে এখনো উন্নতির অনেক জায়গা আছে। আমি চাই আমার স্কোরটা আরো বড় করতে।
রংপুর দলের তিন লঙ্কান এরই মধ্যে বিদায় নিয়েছেন। লাসিথ মালিঙ্গা, কুশল পেরেরা ও থিসারা পেরেরা চলে গেছেন। তবে সেখানে এসেছেন আরো দুই লঙ্কান। একজন চামারা কাপুগেদারা ও অন্যজন ইসরু উদানা। এর আগে ঢাকায় দু’দলের প্রথম মোকাবিলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেরে যায় রংপুর রাইডার্স।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment