rongginnbd
Friday, December 29, 2017
৪৫ বছরের রেকর্ড ভাঙলেন কুক!
রঙিন ডেস্ক :
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের ব্যাটে রান ফিরেছে। অ্যাশেজ সিরিজ হাতছাড়া হলেও হোয়াইটওয়াশ এড়াতে কোমর বেঁধে নামেন এ ব্যাটসম্যান। চতুর্থ ও শেষ টেস্টে তাই তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। অ্যাশেজের মেলবোর্ন টেস্টে শুক্রবার ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৯১ রানে।
ইনিংস উদ্বোধন করতে নেমে ১০ ঘণ্টার বেশি সময় উইকেটে থেকে ৪০৯ বলে ২৭টি চারে ২৪৪ রানে অপরাজিত ছিলেন কুক। আর তাতেই ইতিহাসে ৪৫ বছরের রেকর্ড ভেঙ্গে ফেললেন ইংলিশদের এই সাবেক অধিনায়ক।
ইনিংসজুড়ে ব্যাট ‘ক্যারি’ করে কোনো ওপেনারের সর্বোচ্চ রানের রেকর্ডটা এতদিন ছিল গ্লেন টার্নারের। ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস উদ্বোধন করতে নেমে শেষ পর্যন্ত ২২৩ রানে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। কিউই কিংবদন্তির ৪৫ বছরের অক্ষত রেকর্ডটা ভেঙে দেন কুক।
১৯৯৭ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে মাইকেল আথারটনের পর প্রথম ইংলিশ ওপেনার হিসেবে ‘ক্যারিং ব্যাট থ্রু আ কমপ্লিটেড টেস্ট ইনিংস’-এর কীর্তি গড়লেন কুক।
অ্যাশেজ টেস্টে সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন জিওফ বয়কট, ১৯৭৯ সালে পার্থে। বয়কট ও কুক ছাড়া ইংল্যান্ডের হয়ে অ্যাশেজে এমন কীর্তি আছে আর মাত্র দুজনের- ববি আবেল ও লেন হাটন।
এদিকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এমন কীর্তি গড়া প্রথম ব্যাটসম্যান অবশ্য কুকই। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে ইনিংসজুড়ে ব্যাট ‘ক্যারি’ করার ৫২তম ঘটনা এটি। কুকের ২৪৪ রান মেলবোর্নে সফরকারী কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment