Friday, March 2, 2018

স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের দিন আজ

রঙিন ডেস্ক : মার্চ মানে অগ্নিঝরা স্বাধীনতা, মুক্তিযুদ্ধের বাঙালীর আত্মপরিচয় খুঁজে পাওয়ার মাস। মার্চের প্রায় প্রতিটি দিনই স্বাধীনতা এবং মুম্কিযুদ্ধের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকার মাস। আজ  ২রা মার্চ একাত্তরের এই দিনে ঢাকাসহ পুরো দেশ পরিণত হয় বিক্ষুব্ধ জনপদে। এইদিনেই ওড়ানো হয়েছিল মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা।
১ মার্চ পাকিস্তানের শাসক ইয়াহিয়া খানের ঘোষণায় যে আগুন জ্বলে উঠেছিল তার বিস্ফোরণ ঘটেছিল ২ মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্র এদিন বটতলায় এসে জমায়েত হন। বটতলার সমাবেশে ইয়াহিয়ার স্বৈরাচারী ঘোষণার ধিক্কার জানানো হয় এবং স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বটতলার ঐতিহাসিক সমাবেশে তৎকালীন ডাকসুর ভিপি আসম আবদুর রব স্বাধীন বাংলাদেশের পতাকাটি উত্তোলন করেন। স্বাধীনতা সংগ্রামের ৯ মাস এই পতাকাই বিবেচিত হয়েছে আমাদের জাতীয় পতাকা হিসেবে।
এ পতাকা নিয়ে রাজপথ মুখর হয়ে ওঠে স্লোগানে স্লোগানে। আগুন ঝরানো সেই স্লোগান : জাগো জাগো-বাঙালী জাগো, পদ্মা মেঘনা যমুনা-তোমার আমার ঠিকানা, স্বাধীন বাংলার জাতির পিতা- শেখ মুজিব শেখ মুজিব, বঙ্গবন্ধু এগিয়ে চলো- আমরা আছি তোমার সাথে, তুমি কে আমি কে- বাঙালী বাঙালী, তোমার দেশ আমার দেশ- বাংলাদেশ বাংলাদেশ, বীর বাঙালী অস্ত্র ধরো- সোনার বাংলা মুক্ত করো, পিন্ডি না ঢাকা- ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা- বাংলা বাংলা, ভুট্টোর মুখে লাথি মারো- বাংলাদেশ স্বাধীন করো, স্বাধীন করো স্বাধীন করো- বাংলাদেশ স্বাধীন করো। স্বাধীন বাংলাদেশের পতাকা নিয়ে ছাত্র নেতৃবৃন্দের বিশাল মিছিল বঙ্গবন্ধুর বাসভবনে সমবেত হয়।


No comments:

Post a Comment