rongginnbd
Wednesday, April 18, 2018
গ্রামের সহজ-সরল যুবক সজল
রঙিন ডেস্ক :
ছোট পর্দার তুমুল জনপ্রিয় মুখ সজল। রোমান্টিক চরিত্রেই বেশি দেখা যায় তাকে। দর্শকনন্দিত এই অভিনেতাকে এবার দেখা যাবে গ্রামের সহজ-সরল যুবকের চরিত্রে। সজল অভিনীত ‘মায়া’ নটিকটিতে তার বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে।
নাটকের গল্পে দেখা যাবে, ছেরু (সজল) গ্রামের সহজ-সরল ছেলে। সবার বিপদের বন্ধু। একমাত্র মাকে নিয়ে তার সংসার। পরোপকারী ছেরুকে মানুষজন অনেক সময় অপব্যবহার করেন। এতে ছেরুর কোনো দুঃখ নেই বরং কাজের মধ্যেই সে আত্মতৃপ্তি পায়। তবে ছেরুর জিদটা একটু বেশি।
এদিকে আজগর আলীর (সৈয়দ হাসান ইমাম) পরিবারে কোনো সদস্য নেই। তার একমাত্র ছেলে আরেফিন অস্ট্রেলিয়াতে সেটেল। আজগর আলীর দেখাশোনার সকল দায়িত্ব ছেরু নিজের হাতে তুলে নেয়। ছেরু তাকে নিজের নানার থেকেও বেশি আপন মনে করে। আজগর আলী সাহেবের নাতনি টিংকি (তিশা) দাদাকে দেখার জন্য বিদেশ থেকে গ্রামে আসে। সহজ-সরল ছেরুর উপর দায়িত্ব পড়ে টিংকিকে সার্বক্ষণিক দেখাশোনা করার।
ছেরুর সাথে মিশে টিংকি বুঝতে পারে সে সহজ সরল হলেও বোকা না, সব বোঝে। তার কাছে স্পষ্ট হয় বর্তমানে ভালো মানুষগুলোকে অনেকের কাছে বোকা মনে হয়। ছেরুর উপর টিংকির মায়া বাড়ে, মনের টান বাড়ে, নিজের অজান্তে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়।
গল্পের একপর্যায়ে টিংকিকে গ্রামের অপদার্থ যুবক জামাল বিয়ের প্রস্তাব দিয়ে বসে এবং স্বভাবতই টিংকি সেই প্রস্তাব না করে দেয়। জামাল টিংকিকে পাবার জন্য বিভিন্ন পরিকল্পনা করতে থাকে। তা থেকে নানারকম হাস্যরসাত্মক ও বেদনাদায়ক ঘটনার অবতারণা হয়।
নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন এবং পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। অভিনয় করেছেন সজল, তানজিন তিশা, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।
আরটিভিতে আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় ‘মায়া’ নাটকটি প্রচার হবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment