rongginnbd
Friday, April 27, 2018
‘পপি সেরা পার্বতী’
রঙিন ডেস্ক:
অনেকদিন ধরেই রূপালী পর্দার বাইরে ছিলেন চিত্রনায়িকা পপি। তবে বছর দেড়েক পর আবারো সিনেমার শুটিংয়ে ফিরলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তরুণ নির্মাতা আরিফুর জামান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্রগুলো নিয়ে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন। এই ছবিতে শরৎচন্দ্রের অনবদ্য সৃষ্টি ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করছেন পপি।
ছবিতে কালজয়ী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে গুণী অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েতকে। এরইমধ্যে এফডিসিতে ছবিটির শুটিং হয়েছে। শুটিয়ে অংশ নিয়ে চিত্রনায়িকা পপি বন্দনায় মেতে উঠলেন গাজী রাকায়েত।
গাজী রাকায়েত বলেন, পপি পার্বতীর সাজে যখন সেটে এসে হাজির হলেন। তখন মনে হলো আমার কল্পনার সেরা পার্বতী পপি। রুপ গুণ নয়, আমি আমার মনের মানস পটে আমার কল্পনায়, ইমাজিনেশনে যে পার্বতীকে দেখেছি সেই পার্বতীকেই যেন দেখলাম। এতো মিল এর আগে কোনো পার্বতীকে লাগেনি, কল্পনার সাথে এতোটা সাদৃশ্যতা- আমি অভিভূত হয়েছি।
এসময় নির্মাতা আরিফুর জামানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি এই ছবির নির্মাতাকে ধন্যবাদ দিতে চাই। যে কিনা দীর্ঘদিন ছবিতে কাজ করানোর জন্য আমার সঙ্গে লেগে ছিলেন। আর ছবিতে শিল্পীদের যে সমন্বয় তিনি করেছেন আমার কাছে ভালো লেগেছে। একজন অভিনেতা হিসেবে শরৎচন্দ্রের চরিত্রে অভিনয় করতে পারাটা ভাগ্যের ব্যাপার। এটা আমার স্বপ্নের একটি চরিত্র। ফেরদৌস, পপি, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, তমা মির্জাসহ প্রতিটি কাস্ট দারুণ মানিয়েছে।’
গাজী রাকায়েত ও পপি। ছবি- সংগৃহীত
তিনি আরো বলেন, ‘শুরুতে আমি দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম কারণ ছবিতে কাজের জন্য আমাকে লুক পরিবর্তন করতে হবে এটা ভেবে। আমাকে ছবিতে অভিনয়ের জন্য চুল ছোট করতে হয়েছে। এছাড়াও প্রায় ২৫ দিনের বেশি শিডিউল দিতে হবে। তবে আমি প্রথম যেদিন শুটিং সেটে এলাম অবাক হয়েছি। সুন্দর একটি সেট নির্মাতা তৈরি করিয়েছেন। আর কাজ করতে গিয়ে তো আমরা শিল্পীরা একটি পরিবারের মতো হয়ে গেছি। সবার দিক থেকেই ভীষণ আন্তরিকতা দেখতে পাচ্ছি। মিলনকে তো দেখলাম কাজটি নিয়ে সে ভীষণ সিরিয়াস।’
এই অভিনেতা বলেন, ‘পপির সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আগে কখনও কাজ করা হয়নি। তো শুটিংয়ের প্রথম দিন আমি খানিকটা আগেই এসে উপস্থিত হই। এদিন আমার ও পপির শটের মাধ্যমে ক্যামেরা ওপেন হবার কথা। আমি ভেবেছিলাম পপি হয়তো দেরী করেই আসবেন। কিন্তু না তিনি সঠিক সময়েই শুটিং সেটে এসে উপস্থিত হলেন। পপি পার্বতীর সাজে যখন সেটে এসে হাজির হলেন। তখন মনে হলো আমার কল্পনার সেরা পার্বতী পপি।’
চিত্রনায়িকা পপি বলেন, ‘পার্বতী চরিত্রটি আমার ভীষণ পছন্দের। কাজটি করতে পেরে খুব ভালো লাগছে। এমন একটি চরিত্রে আমাকে বেছে নেয়ার জন্য পরিচালককে ধন্যবাদ। চেষ্টা করছি নিজেকে পার্বতীর মতো করে তুলে ধরতে। আর গাজী রাকায়েতের মতো গুণী অভিনেতার সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের। আরও আছেন ফেরদৌস, আনিসুর রহমান মিলনসহ অনেক গুণী অভিনেতা। আমরা একটি পরিবারের মতো কাজটি করছি। সবার আন্তরিকতায় আমি মুগ্ধ।’
‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির সঙ্গীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ। গানগুলোর কথা লিখেছেন মো. রফিকুজ্জামান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্দিষ্ট কোনো উপন্যাস থেকে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে না। এতে শরৎচন্দ্রকে নিজের সৃষ্ট চরিত্রগুলোর মুখোমুখি করবেন পরিচালক। তাই এর নামকরণ করা হয়েছে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। তবে সেখানে দৃশ্যমান কোনো কাঠগড়া থাকছে না।
এই ছবি ছাড়াও পপি অভিনয় করছেন সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবিতে। এছাড়া শহীদুল হক খানের দুটি ছবিতে কাজ করারও কথা রয়েছে তার। ফেরদৌস ও পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘চার অক্ষরের ভালোবাসা’।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment