rongginnbd
Saturday, April 21, 2018
খরা কাটলো আলীরাজের
রঙিন ডেস্ক:
সিরাজগঞ্জের ধানবান্দির ছেলে তিনি। ঢাকায় এসে হয়ে যান ডাব্লু আনোয়ার। আর ডাব্লু আনোয়ার থেকে চলচ্চিত্রে এসে হয়ে যান তিনি আলীরাজ। নায়ক রাজ রাজ্জাক নির্দেশিত ‘সৎ ভাই’ চলচ্চিত্রে অভিনয়ে এসে ডাব্লু আনোয়ার থেকে হয়ে যান আলীরাজ। নায়ক আলীরাজকে দেখা যায় টানা একশোর বেশি চলচ্চিত্রে। এছাড়া পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন আরো সাড়ে তিনশ’ চলচ্চিত্রে।
এতো বছর চলচ্চিত্রে অভিনয় করলেও কখনই জাতীয় পুরস্কার পাননি আলীরাজ। তবে এবার সেই খরা কাটলো। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জয় করলেন তিনি।
অপূর্ব রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’ চলচ্চিত্রে চিত্রনায়ক সাইমনের বাবার চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি এ পুরস্কারে ভূষিত হন।
প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে স্বভাবতই বেশ উচ্ছ্বসিত এ অভিনেতা। তিনি বলেন, আমি মনে করি এটি আমার সর্বোচ্চ প্রাপ্তি। দেশ, দেশের মানুষ, চলচ্চিত্রপ্রেমী দর্শকের ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শনস্বরূপ আমি এ পুরস্কার পেয়েছি। এজন্য চলচ্চিত্র পরিবার, সর্বোপরি দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। যারা আমাকে এ সম্মাননায় ভূষিত করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, এমন প্রাপ্তিতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার গুরু নায়করাজ রাজ্জাক ভাইয়ের কথা। তার জন্যই আমি আজকের আলীরাজ।
উল্লেখ্য, ছেলেবেলায় সিরাজগঞ্জে থাকতেই বর্ণালী ক্লাবের সাথে অভিনয় শুরু করেন আলীরাজ। এরপর কাজ করেন তরুণ সম্প্রদায়, দুর্বার, সংলাপ থিয়েটারে। ঢাকায় আসার পর ঢাকা থিয়েটারে কাজ শুরু করেন। সেখানে তার সহ-অভিনেতা ছিলেন হুমায়ূন ফরিদী, আফজাল হোসেন, সুবর্ণা মোস্তফা, রাইসুল ইসলাম আসাদের মত বড় অভিনেতারা।
এরপর নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর ‘ভাঙনের শব্দ শুনি’ নাটকে অভিনয় করেন। আর সেই নাটকের মাধ্যমে চোখে পড়েন প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের। রাজ্জাক তখন বৈকুন্ঠের উইল অবলম্বনে ‘সৎভাই’ নির্মাণের চিন্তা করছিলেন। আলীরাজ সেই চলচ্চিত্রে অভিনয় করে চলচ্চিত্রে নাম লেখান।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment