Thursday, November 9, 2017

বলিউডে দীপিকার ১০ বছর

রঙিন ডেস্ক : আজ থেকে ঠিক দশ বছর আগে ফারাহ খানের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল তার। শাহরুখ খানের সাথে জুটি বাঁধেন ‘ওম শান্তি ওম’ সিনেমায়। প্রথম ছবি দিয়েই বক্স অফিস কাপিয়ে দেন। রাতারাতি স্টার বনে যান। এরপর এই দশ বছরের অভিনয় জীবনে দিয়েছেন অনেকগুলো হিট ছবি। গ্ল্যামারাস এই নায়িকা শুধু বলিউডই নয়। পাড়ি জমিয়েছেন হলিউডেও। তিনি আর কেউ নন। তিনি হলেন দীপিকা পাডুকোন। গুণী এই অভিনেত্রীর অভিনয়ে দশ বছর পূর্তি উপলক্ষে আজ তার বিভিন্ন ছবি নিয়ে কথা বলবো যেগুলো দিয়ে দীপিকা ক্যারিয়ারে এত উজ্জ্বলতা এনে দিয়েছে।
১) ২০০৭:ওম শান্তি ওম:
২০০৭ সালে সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছে ‘ওম শান্তি ওম’। এটিই ছিল তার প্রথম ছবি। প্রথম ছবিতে তার সৌন্দর্যের জন্যই নয় অভিনয় গুণের কারণেও দর্শকপ্রিয় হয়ে উঠেন। রাতারাতি দর্শকদের মনে জায়গা করে নেন দিপীকা।

২) ২০০৮: বাচনা এই হাসিনো
২০০৮ সালে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সাথে জুটি বাঁধেন ‘বাচনা এই হাসিনো’ ছবিতে। যদিও ছবিটি কোনোরকমে বক্স অফিসে টিকে যায়। তবে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সবার। সবচেয়ে বড় ব্যাপার হলো দীপিকা ও রণবীরের রসায়ন সকলের মনে ধরেছিলো। উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই রণবীরের কাছাকাছি চলে আসেন দীপিকা। পরিণয় থেকে হয়ে যায় প্রেম। প্রেমের কারণে এ জুটি বলিউডে হট টপিক হয়ে গিয়েছিলেন। তাদের প্রেম নিয়ে চর্চা করতো সবাই।
৩) ২০০৯ সাল: কঠিন একটা সময়
২০০৯ সাল দীপিকার জন্য শুভ ছিলোনা। অভিনয় ও ব্যাক্তিগত জীবন দুটোই বিভীষিকাময় হয়ে যায় তার জন্য। ‘চাঁদনী চক টু চায়না’ ছবিতে জমজ চরিত্রে অভিনয় করেন। সম্পূর্ণ ভিন্নভাবে হাজির হোন দর্শকদের সামনে। কিন্তু ছবিটি বক্স অফিসে সফলতা আনেনি। পাশাপাশি রণবীরের সাথেও প্রেমের ইতি টানেন তিনি।

৪) ২০০৯ থেকে ২০১২ ঘুরে দাঁড়ানোর সময়:
২০০৯ সালে ভাঙা মন নিয়ে দিন পার করা দীপিকার জন্য বয়ে এনেছিলো বিশেষ আশির্বাদ। ইমতিয়াজ আলীর ‘লাভ আজ কাল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ান দীপিকা। ক্যারিয়ারে নতুন আলো বয়ে আনে সিনেমাটি। সিনেমাটিতে সাইফ আলী খানের সাথে জুটি বেঁধেছিলেন তিনি। সাইফের সাথে অভিনয় করেন ২০১২ সালে আবার ‘ককটেল’ ছবিতেও। এটি ছিল তার ক্যারিয়ারে আরেকটি হিট। এই ছবিগুলোর মাধ্যমে আসল দীপিকাকে পেয়েছে দর্শক। তার অভিনয় মাধুর্য দর্শকদের মনে আবারো জায়গা করে নেয়। প্রমাণ কর দেন তিনি আসলেই একজন যোগ্য অভিনেত্রী।

২০১৩: যেন কেউ থামাতে পারবেনা আর
৫) ২০১২’র পর দীপিকার জীবন বদলে গেছে একদম। তাকে নিয়ে আবারো চর্চা শুরু হয় বলিউড পাড়ায়। কারণটা আর কিছু নয়। প্রাক্তন প্রেমিকের সাথে আয়ান মুখার্জির ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে জুটি বাঁধেন তাই। ছবিটিতে তার চরিত্র নায়না খুব প্রশংসা কুড়িয়েছে। এছাড়া রণবীরের সাথে তার জুটিটা ছিল একদম সোনায় সোহাগা।
শূধু এটি নয়। একই সাথে দীপিকা অভিনয় করে সঞ্জয় লীলা বানসালীর ছবি ‘রামলীলা’তে। একদম ভিন্ন ধর্মী একটি চরিত্র। বোল্ড দীপিকা আর রণবীর সিং-এর রোমান্স সঞ্জয় লীলার ছবিটিকে নিয়ে গেছে অন্য এক মাত্রায়। কঠিন একটি কাজ এত সুন্দরভাবে করেছেন যে সবাই তার জয়জয়কার করেছে। আবারো তিনি প্রমাণ করে দেন যে তিনি কত বড় মাপের একজন অভিনেত্রী।

৬) ২০১৫ সাল: পিকু
ক্যারিয়ারের আরেকটি বড় সাফল্য এনে দিয়ে ‘পিকু’। বাঙালী একজন আর্কিটেক্ট-এর চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিতে সাথে ছিলেন বলিউড মেগা সুপারস্টার অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন এ ছবিতে অভিনয়েরে জন্য জাতীয় পুরষ্কার পান। দীপিকা পান সেরা অভিনেত্রী কোটায় ফিল্ম ফেয়ার এওয়ার্ড।
বছরটি দীপিকার জন্য আরো বড় সাফল্য এনে দেয়। ঠিক ২০১৩ এর মতো আবারো তিনি ইমতিয়াজ আলীর পরিচালনায় তার ‘তামাশা’ ছবিতে অভিনয় করেন। সাথে ছিল পুরোনো প্রেমিক রণবীর কাপুর। পাশাপাশি সঞ্জয় লীলার ‘বাজিরাও মাস্তানী’ ছবিতে অভিনয় করে। এতে জুটি বাঁধেন বরাবরের মতো রণবীর সিং-এর সাথে। এই ছবিটিও ক্যারিয়ারে বড় হিট হয়েছে। পাশাপাশি তিনি দুটো ছবির জন্যই সেরা অভিনেত্রী কোটায় ফিল্ম ফেয়ার এওয়ার্ডে নমিনেশন পান।
৭) ২০১৭- হলিউড যাত্রা:
২০১৭ সালে দীপিকা পাডুকোনের অভিনয় জীবনে যোগ হয় অন্য সাফল্য। ভিন ডিজেলের সাথে জুটি বেঁধে অভিনয় করেন হলিউডের ছবি ‘এক্সএক্সএক্স: রিটার্ন অফ জান্ডার কেইজ’ ছবিতে। ছবিটি তেমন বড় ধরনের হিট না হলেও প্রশংসা কুড়িয়েছেন দীপিকা। সেই সাথে জুটিয়েছেন কিছু ভিনদেশী ভক্তও।
বর্তমানে তিনি আরেকটি বড়সড় প্রজেক্টে হাত দিয়েছেন। সেটি হলো সঞ্জয় লীলা বানসালীর পরিচালনায় ‘পদ্মাবতী’ ছবি। এতে এবারো আছেন রণবীর সিং। সাথে শহীদ কাপুর। তার এ ছবিটির ট্রেইলার ইতোমধ্যে ইন্টারনেট কাপাচ্ছে। পেয়েছে সবচে বেশি ভিউ। এমনকি হলিউডের ছবি জাস্টিস লিগের ভিউ সংখ্যাও ছাড়িয়েছে ছবিটি। তাছাড়া বরাবরের মতো তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ তো তার ভক্ত, বন্ধু, সহকর্মী সবাই।
অল্পসময়ে তারকাখ্যাতি পাওয়ার পরেও তার অভিনয় জীবনের পথ সুগম ছিলনা। ব্যাক্তিগত জীবন আর অভিনয় জীবন দুটোতেই দীপিকা পার করেছেন কঠিন সময়। তবে জীবনের কঠিন পরীক্ষায় তিনি প্ররিশ্রম ও নিষ্ঠার সাথে সফল হয়েছেন। ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি পরে তা কাজে লাগান নিজের অভিনয়ে। আর সেটির ফল এখন সকলের সামনে। আশা করা যায় ভবিষ্যতে আরো ভারো কাজ উপহার দিবেন এই গুণী অভিনেত্রী।

No comments:

Post a Comment