Wednesday, November 1, 2017

আত্মজীবনী উঠিয়ে নিতে চাইছেন নওয়াজ!

রঙিন ডেস্ক : বলিউড মেতে আছে এখন আত্মজীবনী নিয়ে। কারো আত্মজীবনী নিয়ে নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্র, আবার কারো আত্মজীবনী প্রকাশিত হচ্ছে বই আকারে। কিন্তু কোনোটাই এতটা বিতর্ক তৈরি করেনি, যতটা করেছে ‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির আত্মজীবনী। কারণ, নওয়াজের লেখা আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ’ ঠাসা ছিল তার যৌনতা, চরিত্র ও নিশিযাপনের গল্পে। যাতে ক্ষুব্ধ হয়েছেন তার সাবেক প্রেমিকারা। তাই জল বেশি ঘোলা হওয়ার আগেই বাজার থেকে নিজের আত্মজীবনী উঠিয়ে নিতে চাইছেন নওয়াজ।
স্পটবয়ের খবর অনুযায়ী, সাবেক প্রেমিকা নীহারিকা সিংহকে নিয়ে নওয়াজউদ্দিন তার আত্মজীবনীতে লিখেছেন, ‘আমি যথন প্রথম নীহারিকার বাড়িতে গিয়েছিলাম, ও প্রথমে দরজাটা একটু ফাঁক করেছিল। ওর সুন্দর বাড়ি দেখে আমি অভিভূত হয়েছিলাম। প্রায় একশ বা তারো বেশি মোমবাতি জ্বালানো ছিল ঘরে। ওটাই ছিল আমাদের ফার্স্ট ডিনার ডেট।’
তবে এ ঘটনা অস্বীকার করে পুরোটাই নওয়াজের বানানো বলে দাবি করেন নীহারিকা। বইটিতে তাকে নিয়ে লেখা বর্ণনা প্রসঙ্গে নীহারিকা বলেন, ‘মিস লাভলি চলচ্চিত্রে কাজ করার সময় নওয়াজ আর আমার মধ্যে একটা সম্পর্ক ছিল, সেটা সত্য। তবে তা কয়েক মাসের সম্পর্ক ছিল। এখন সে যেভাবে তার আত্মজীবনীতে মোমবাতি জ্বালানো এবং আমার বেডরুমের বর্ণনা দিয়েছে, তাতে এটাকে হেসে উড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না।’
অন্যদিকে নওয়াজের সাবেক প্রেমিকা সুনিতা রাজওয়ার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নওয়াজের আত্মজীবনীকে ‘অ্যান অর্ডিনারি লাইফ অব এক্সট্রা অর্ডিনারি লাইস’ অর্থাৎ মিথ্যায় ঠাসা আত্মজীবনী বলেছেন। আত্মজীবনীতে নওয়াজ লিখেছেন, তার জীবনের সংগ্রামের সময়ে কষ্ট সইতে না পেরে সুনিতা তাকে ছেড়ে যান। অথচ সুনিতা দাবি করছেন, তাদের সম্পর্কটা নওয়াজের কাছেই বিরক্তিকর হয়ে ওঠার কারণেই ভেঙে গেছে।

No comments:

Post a Comment