Tuesday, December 5, 2017

পাঁচতারা হোটেলে সম্পন্ন হল পাওলির বিয়ে

রঙিন ডেস্ক : প্রেম পেল পরিণতি। ভালবাসার মানুষটির সঙ্গে নতুন জীবন শুরু করলেন পাওলি দাম। কলকাতার এক পাঁচতারা হোটেলে সম্পন্ন হল পাওলি এবং অর্জুন দেবের বিয়ের অনুষ্ঠান। গুয়াহাটির ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গে দাম্পত্য জীবনে পা রাখলেন পাওলি। এদিন সকালেই পাওলির গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা।
শুভদৃষ্টি, সিঁদুর খেলা থেকে সবকিছুই ছিল বিয়ের অনুষ্ঠানে। সকালে পাওলির লেক গার্ডেনের বাসায় গায়েহলুদ অনুষ্ঠান হয়। বিয়ের দিন পাওলিকে সাজিয়েছেন ডিজাইনার অনিরুদ্ধ চাকলাদার। পাওলি পরেছেন লাল বেনারসি শাড়ি। মিনা করা এই লাল বেনারসি শাড়ি কেনা হয় দিল্লি থেকে। তার গয়নায় ছিল বাঙালিয়ানার ছাপ। বিয়েতে মায়ের ট্র্যাডিশনাল গয়নাও পরেন তিনি। বিয়ের আসরে পাওলি বলেন, ‘আমার সনাতনী বাঙালি সাজের প্রতি একটু দুর্বলতা রয়েছে। নিজের বিয়েতে তার ব্যতিক্রম হোক, সেটা চাইনি। তাই বাঙালি সাজেই এসেছি।’
পাওলি আর অর্জুনের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন কলকাতার চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকা। বিয়েতে ছিল নানা ধরনের খাবারের ব্যবস্থা। বাঙালি থেকে চায়নিজ—সবই ছিল।
অর্জুনের বাড়ি গুয়াহাটিতে হওয়ায় শুরুর দিকে সেখানেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা ছিল। কিন্তু পাওলি জানান, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করতে হয়েছে। কারণ, আত্মীয়স্বজন, বন্ধু আর সহকর্মীরা সবাই কলকাতার। গুয়াহাটিতে যাওয়া তাঁদের জন্য কষ্টসাধ্য হবে। তাই বিয়ের আনুষ্ঠানিকতা কলকাতায় করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।




No comments:

Post a Comment