rongginnbd
Friday, January 12, 2018
তুষারধ্বসের কবলে পাওলি-অর্জুন
রঙিন ডেস্ক:
গত ৪ ডিসেম্বর ব্যবসায়ী অর্জুন দেবকে বিয়ে করেছেন অভিনেত্রী পাওলি দাম। বিয়ের আনুষ্ঠানিকা শেষে সুইজারল্যান্ডে উড়াল দিয়েছেন এই নবদম্পতি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে স্বামীর সঙ্গে সুখস্মৃতির বেশ কিছু ছবি শেয়ার করেছেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
এদিকে মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ডে গিয়ে প্রবল তুষারধ্বসে আটকা পড়েছিলেন টালিউড অভিনেত্রী পাওলি দাম ও তার স্বামী অর্জুন। আবহাওয়া ভীষণ খারাপ থাকায় পরে তাদের হেলিকপ্টার যোগে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ভারী তুষারপাতের কারণে আল্পসের জেরমাটে পাওলি-অর্জুনসহ অসংখ্য পর্যটক আটকা পড়েন। তুষারে ঢেকে যায় চারদিক। ফলে বের হওয়ার রাস্তা পাওয়া যাচ্ছিল না। পরে তাদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। প্রবল তুষারপাতে ট্রেন লাইন ঢাকা পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, তুষারধ্বসে আটকা পড়া ৪০০ জন পর্যটনকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। আর কর্তৃপক্ষ বলছে, প্রায় ১৩ হাজার মানুষ তুষারধ্বসে আটকা পড়ে। তবে বর্তমানে ভয়ের কিছু নেই। তুষারপাত কমতে শুরু করেছে এবং রাস্তা-ঘাট সচল হতে শুরু করেছে।
জেরমাট অঞ্চলে ১০ থেকে ১৩ ফুট পর্যন্ত তুষার জমেছে বলেও জানায় স্থানীয় আবহাওয়া অধিদফতর।
পাওলি দামের শ্বশুরবাড়ি গুয়াহাটিতে। তবে কলকাতা কিংবা গুয়াহাটিতে নয়, দুই বছর আগে ইতালিতে অর্জুন দেবের সঙ্গে পাওলি দামের পরিচয় হয়। সেখানে এক পার্টিতে তাদের প্রথম দেখা ও আলাপ হয়। এরপর শুরু হয় তাদের বন্ধুত্ব। এরপর প্রেম ও পরিণয়।
পাওলি দাম অভিনয় জীবনের যাত্রা শুরু করেন ‘তিথির অতিথি’ সিরিয়ালের মাধ্যমে। বাণিজ্যিক ও ভিন্ন ধারার অনেক চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেন তিনি। শুধু টালিউডে নয়, বলিউড ও ঢালিউডের অনেক ছবিতেও অভিনয় করেছেন গুণী এই অভিনেত্রী। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- ‘কালবেলা’, ‘মনের মানুষ’, ‘হেট স্টোরি’, ‘ছত্রাক’, ‘মাছের ঝোল’ ও ‘সত্তা’ ইত্যাদি।
এছাড়া টিভি ধারাবাহিক নাটক ‘মহানায়ক’-এ সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করেও ব্যাপক প্রশংসিত হন পাওলি দাম। নাটকটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যয়ের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment