rongginnbd
Wednesday, March 7, 2018
দ্বিতীয় ম্যাচেও হারলো আফগানিস্তান
রঙিন ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারলো গ্রুপের ফেবারিট আফগানিস্তান। আজ রুদ্ধশ্বাস ম্যাচে জিম্বাবুয়ের কাছে ২ রানে হেরে বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে আফগানদের। ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্কটল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে জিম্বাবুয়ে এবং আফগানিস্তান রয়েছে তৃতীয় স্থানে।
জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৫৬ রান তোলে আফগানিস্তান। সেখান থেকে ১৭৭ রানে যেতেই হারায় ৬টি উইকেট। শেষ উইকেটে প্রাণান্তকর লড়াই করেন দৌলত জাদরান ও শাপুর জাদরান। দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। কিন্তু ২ রান দূরে থাকতে আউট হয়ে যান শাপুর জাদরান। ২৬টি বল মোকাবেলা করে ৭ রান করেন তিনি। আর দৌলত জাদরান ৩৭ বল মোকাবেলা করে ১০ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে রহমত শাহ ৫ চার ও ১ ছক্কায় ৬৯ রান করেন। মোহাম্মদ নবী করেন ৫৬ বলে ৫১ রান। আর মোহাম্মদ শাহজাদের ব্যাট থেকে আসে ২৪টি রান। মোহাম্মদ নবী যতক্ষণ ক্রিজে ছিলেন ততোক্ষণ জয়ের পথেই ছিল আফগানরা। তিনি আউট হয়ে যাওয়ার পরই পথ হারায় আফগানিস্তান।
বল হাতে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ১০ ওভার বল করে ১ মেডেনসহ ৪৭ রান দিয়ে নেন ৪টি উইকেট। সিকান্দার রাজা ১০ ওভারে ১ মেডেনসহ ৪০ রান দিয়ে নেন ৩টি উইকেট। ২টি উইকেট নেন ব্রিয়ান ভিটোরি। অপর উইকেটটি নেন চাতারা।
তার আগে জিম্বাবুয়ের ইনিংসে রান পান মিডল অর্ডারের চারজন ব্যাটসম্যান। এই চারজন ছাড়া বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। চারজন ব্যাটসম্যান আউট হন শূন্যরানে। ৬৬ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন টেলর ও রাজা। ব্রেন্ডান টেলর ৮৮ বল খেলে ৭টি চার ও ৩ ছক্কায় ৮৯ রান করেন। সিকান্দার রাজা করেন ৬০ রান। এ ছাড়া অধিনায়ক গ্রায়েম ক্রেমার অপরাজিত ১৯ ও এরভিন ১৩টি রান করেন। তাতে ৪৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
বল হাতে আফগানিস্তানের রশিদ খান ও মুজিব উর রহমান ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন দৌলত জাদরান।
ব্যাট হাতে মূল্যবান ৬০ রান ও বল হাতে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন সিকান্দার রাজা।
সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে : ১৯৬/১০ (৪৩ ওভারে)
আফগানিস্তান : ১৯৪/১০ (৪৯.৩ ওভারে)
ফল : জিম্বাবুয়ে ২ রানে জয়ী
ম্যাচসেরা : সিকান্দার রাজা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment