rongginnbd
Friday, March 30, 2018
বল টেম্পারিংয়ে বাংলাদেশকে পাপনের সতর্ক বার্তা
রঙিন ডেস্ক :
সম্প্রতি বল টেম্পারিংয়ের ঘটনায় সমালোচনার মুখে রয়েছে অস্টেলিয়া ক্রিকেট দল। তাদের এমন লজ্জাজনক কাণ্ডে বিশ্বের সব ক্রিকেট বোর্ড নড়েচড়ে বসেছে। এর ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে সতর্ক করে দিয়েছেন বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন।
এমন নয় যে ক্রিকেটে আগে কখনো বল টেম্পারিং হয়নি। তবে বল টেম্পারিংয়ের অভিযুক্তদের তালিকায় পাকিস্তানিদের নামই বেশি। তাদের বাইরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসিস, ভারতের শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়ের মতো বড় নামও বল টেম্পারিংয়ের সঙ্গে জড়িয়েছে। কিন্তু কঠিন সত্য হলো, তাদের কেউ প্রকাশ্যে সে অভিযোগ স্বীকার করেননি।
এবার তাতে নতুন মাত্রা যোগ করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপ্টেন স্টিভেন স্মিথ। তিনি অকপটে বল টেম্পারিংয়ের কথা স্বীকার করেছেন। তার সঙ্গে ডেভিড ওয়ার্নার আর ক্যামেরন বেনক্রাফটের বল টেম্পারিংয়ে জড়িয়ে পড়া নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড়।
বল টেম্পারিংয়ের মতো এমন সাড়া জাগানো ও চাঞ্চল্যকর ঘটনা সম্পর্কে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সোজা সাপটা জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের কেউ অমন কাজ করলে তার শাস্তি হবে কঠিন ও ভয়াবহ।
গতকাল (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিডিয়া ক্রিকেটের উদ্বোধন অনুষ্ঠানে পাপন বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া যে শাস্তি দিয়েছে, সেটা ঠিকই আছে। তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। শাস্তির মাত্রা মনে হয় ঠিকই আছে। সে তুলনায় আইসিসির শাস্তি (এক ম্যাচ সাসপেন্ড) কম হয়ে গেছে। এ বিষয়ে বিসিবি সভাপতির বক্তব্য, আইসিসি যে শাস্তি দিয়েছে, আমার মনে হয় তা কম হয়ে গেছে।
বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি অমন কাজের সাথে জড়িয়ে পড়েন, তার কি হবে? এমন প্রশ্নের জবাবে পাপন নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়ে বলেন, তার জন্য শাস্তি হবে ভয়াবহ আর কঠিন। তাকে আরও বড় শাস্তি ভোগ করতে হবে।
এর বাইরে পাপন আরও দুটি তাৎপর্য্যপূর্ণ কথা বলেন। তিনি জানান, এই বল টেম্পারিং ইস্যুতে আইসিসির শাস্তি নিয়ে তিনি আইসিসির পরবর্তী সভায় আলোচনা করবেন এবং শাস্তির মাত্রা বাড়ানোর প্রস্তাব দেবেন।
এছাড়া বাংলাদেশের ক্রিকেটারদের বল টেম্পারিং থেকে সতর্ক থাকার জোর তাগিদও দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বল টেম্পারিং নিয়ে বোর্ডের একটা সুস্পষ্ট নীতিমালা তৈরির প্রয়োজন ও গুরুত্ব অনুভব করছেন। তাইতো বোর্ডের পরবর্তী সভায় বল টেম্পারিং ইস্যু উত্থাপন এবং এ সম্পর্কে পরিষ্কার নীতিমালা ও কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তাও অনুভব করছেন।
পুরো বিষয়টিকে দুঃখজনক অভিহিত করে বিসিবি সভাপতি বলেন, ঘটনাটি সত্যিই দুঃখজনক। পাপনের ধারণা, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও একটু আধটু বল টেম্পারিং হয়। সেটা যাতে আর বড় না হয়, কেউ প্রকাশ্যে বল বানাতে না পারে কিংবা বানানোর চেষ্টা না করে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবার কথাও বলেন পাপন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment