rongginnbd
Friday, March 23, 2018
‘মুক্তিযোদ্ধারা বছরে আরো তিনটি বোনাস পাবেন’
রঙিন ডেস্ক:
মুক্তিযোদ্ধারা বর্তমানে দুই ঈদে দুইটি বোনাস পেলেও অচিরেই তারা আরো তিনটি বোনাস পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
গতকাল বৃহস্পতিবার রাতে সিংড়া গোল-ই-আফরোজ সরকারী কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান। সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ যৌথভাবে এই জনসভার আয়োজন করে।
আ.ক.ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের পরিধি বাড়াচ্ছে। মুক্তিযোদ্ধারা বর্তমানে দুই ঈদে দুইটি বোনাস পেলেও অচিরেই তারা আরো তিনটি বোনাস পেতে যাচ্ছেন। মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং বাংলা নববর্ষ উপলক্ষে তিনটি বোনাস দেওয়া হবে।
মন্ত্রী বলেন, সকল মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধকালীন ১০ মিনিটের বক্তব্য রেকর্ড করে আজীবন তা সংরক্ষণের ব্যবস্থার উদ্যোগ নেয়া হচ্ছে। আগামী মাস থেকে মুক্তিযোদ্ধাদের বিনা খরচে চিকিৎসা ও ঔষধ সুবিধা প্রদান করতে যাচ্ছে সরকার। মৃত্যু পরে সকল মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে।
মোজাম্মেল হক বলেন, দেশের সব যুদ্ধক্ষেত্র ও গণহত্যার বদ্ধভূমিতে একই ডিজাইনে স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হবে। বিসিএস পরীক্ষায় ১৯৪৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত সময়কালীন বিভিন্ন ঘটনাবলীর উপর ৫০ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে ৫০ সহ মোট ১০০ নম্বরের পরীক্ষা অন্তর্ভূক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকেরা এদেশকে মিনি পাকিস্তান বানিয়েছিল। আমাদেরকে আমাদের শ্রেষ্ঠতম অর্জন মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে, ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করতে হবে।
জনসভায় যোগ দেয়ার আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় “উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প”এর আওতায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে দেশের সকল উপজেলায় একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে পৌনে দুই কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত পাঁচ তলা ফাউন্ডেশনের সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-এর ত্রিতল ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় বিপণী বিতান এবং তৃতীয় তলায় মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় থাকছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment