rongginnbd
Friday, April 20, 2018
এবার বিদেশের মাটিতে ‘স্বপ্নজাল’
রঙিন প্রতিবেদক:
গত ৬ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিটি। বাণিজ্যিকভাবে ছবিটি সফলতা না পেলেও সমালোচকদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। আগামী ২৭ এপ্রিল দেশের বাইরে প্রথম মুক্তি পাচ্ছে কানাডায়। ৪ মে দ্বিতীয় পর্যায়ে মুক্তি পাচ্ছে ভারতের কলকাতায়।
কলকাতায় ছবিটির পরিবেশনার দায়িত্বে থাকছে শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা ও পরিবেশক প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সেখানে আজ শুক্রবার (২০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ‘স্বপ্নজাল’ ছবির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতে যাচ্ছে। এই সংবাদ সম্মেলনে যোগ দিতে গতকালই কলকাতায় উড়ে গেছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, অভিনেত্রী পরীমণি ও অভিনেতা ইয়াশ রোহান। সঙ্গে আছেন বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে আবুল খায়ের লিটু ও লুভা নাহিদ চৌধুরী।
যৌথ প্রযোজনার ‘স্বপ্নজাল’ ছবিটি নির্মিত হয়েছে বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশনস এবং ভারত থেকে বেঙ্গল বারতা। আর সেখানে ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ছবিটি মুক্তি পেয়ে প্রদর্শিত হবে পশ্বিমবঙ্গ রাজ্য জুড়ে। অন্যদিকে কানাডায় মুক্তি পেয়ে প্রদর্শিত হবে টরেন্টো, উইনিপেগ, ক্যালগারি ও এডমন্টন সিটিতে। এসব স্থানে ‘স্বপ্নজাল’ মুক্তির আগে থেকেই ব্যাপক প্রচারণা চলবে এবং অগ্রিম টিকিট বিক্রয় চলবে বিভিন্ন বুথ থেকে।
এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরেও ‘স্বপ্নজাল’ আজ থেকে নতুন করে প্রদর্শন শুরু হবে। প্রথমে দেশের মাত্র ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি! দর্শক-সমালোচকদের প্রশংসা পেলেও দ্বিতীয় সপ্তাহে ছবিটি পায় মাত্র ৪টি হল। তবে ২০ এপ্রিল প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টি। এগুলো হলো- ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, শাহীন, শ্যামলী প্রেক্ষাগৃহ, চট্টগ্রামের আলমাস, যশোরের মণিহার, চালার সাগরিকা, সিলেটের নন্দিতা, খুলনার লিবার্টি ও সিরাজগঞ্জের সাগরিকা।
ছবিতে শুভ্রা চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও তার বিপরীতে সোনাই চরিত্রে রয়েছেন ইয়াশ রোহান। এছাড়া আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে। আর সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়। ‘স্বপ্নজাল’ এর কাহিনী ও চিত্রনাট্য করেছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নিজেই। বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের বেঙ্গল বারতার যৌথভাবে ‘স্বপ্নজাল’ প্রযোজনা করেছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment