রঙিন ডেস্ক: সম্প্রতি জাহ্নবী কাপুরের কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। আর এই ছবি ভাইরাল হতেই ‘ট্রল’-এর শিকার হয় এই উঠতি অভিনেত্রী।
জাহ্নবীর যে ছবি প্রকাশ করা হয়, সেই ছবিটি নিয়ে আগে থেকেই আলোচনা হচ্ছিল। ছবিতে জাহ্নবীকে দেখা য়ায় সাদা রঙের একটি খাটো টপ পরা অবস্থায়। ইন্টারনেট ব্যবহারকারীদের কেউ কেউ সেই ছবিতে মন্তব্য করেন? ‘জাহ্নবী কি প্যান্ট পরতে ভুলে গেছেন?’ একজন আবার লিখেছেন, ‘তোমার জিনস কোথায়?’ এ নিয়ে সংবাদ প্রকাশ করে হিন্দুস্তান টাইমসসহ আরো কয়েকটি সংবাদমাধ্যম। আর তাতেই ক্ষেপেছেন জাহ্নবীর বড় ভাই অর্জুন কাপুর।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে কড়া এক বক্তব্য দিয়েছেন তিনি। অর্জুন বলেন, ‘দু’জন ট্রল করার জন্য মন্তব্য করল আর সেটা শীর্ষস্থানীয় ওয়েব পোর্টালের জন্য সংবাদ হয়ে গেল। বাহ কী দারুণ! হাস্যকর লাগে যখন গণমাধ্যম এসব ফালতু ‘ট্রল’কে এত গুরুত্ব দেয়। তারা আমাদের রাগ প্রকাশের অপেক্ষায় থাকে। এ ধরনের সংবাদ যত কম হবে, এসব ট্রলের জয়ও তত কম হবে।’
এর আগে একবার জাহ্নবী কাপুরের পোশাক নিয়ে প্রতিবেদন প্রকাশ করে কয়েকটি সংবাদমাধ্যম। তখনো বোনের সামনে ঢাল হয়ে দাঁড়ায় অর্জুন কাপুর ও বোন অংশুলা কাপুর। বনি কাপুরের দুই ঘরের সন্তানদের মধ্যে অর্জুন সবার বড়।
জাহ্নবী আর খুশি অর্জুন ও অংশুলার সৎ বোন। কিন্তু শ্রীদেবীর মৃত্যুর পর তারা আপন ভাইবোনের মতোই আছেন। যদিও বছর খানেক আগে এক সাক্ষাৎকারে অর্জুন বলেছেন, জাহ্নবী আর খুশির সঙ্গে তার কোনো দিন ঠিকমতো কথাও হয়নি। তাদের কোনো ব্যাপারে অর্জুনের তাই কিছু যায়-আসে না বলে জানিয়েছিলেন।
কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃত্যুর পর দৃশ্যপট পালটে যায়। মা হারা দুই বোনের পাশে দাঁড়ান অর্জুন ও অংশুলা। এখনো ছোট দুই বোনের হাত শক্ত করে ধরে আছেন তারা দু’জন। তিন বোন মিলে ভাই অর্জুন কাপুরের সঙ্গে লন্ডনে বেড়াতে যাবেন বলেও শোনা যাচ্ছে।





No comments:
Post a Comment