রঙিন ডেস্ক : তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে মগবাজারস্থ তার অফিস থেকে গ্রেপ্তার করা হয়।
গীতিকার, কন্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তিনটি মামলায় গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। সোমবার সন্ধ্যায় শফিক তুহিন মামলাটি করেন তেজগাঁও থানায়। মামলায় আসিফ ছাড়া আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।
শিল্পী আসিফ গ্রেপ্তার হওয়ার পর চ্যানেল আই সেরা কণ্ঠ-এর গায়িকা কোনাল শিল্পী আসিফকে নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আজ বুধবার দুপুর দুইটায়। পাঠকদের জন্য এই শিল্পীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
“শুধু মনে হচ্ছে, আজকে আমি বা আমরা কেউ এমন পরিস্থিতিতে পড়লে সবার আগে আসিফ ভাই এগিয়ে আসতেন। আর বলতেন, ঘাবড়াবা না একদম। আমি আছি, দেখছি কি করণীয়। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে! এমন কথা তিনি অনেক বিপদগ্রস্থ মানুষকে বলেছেন। এবং তিনি তার সাধ্যমতো করেছেন!
ঠিক বেঠিক জানিনা, আমি বিচারক নই! কিন্তু ভাই ভাইয়ের মাংস খাওয়া মোটেও ভালো লাগছে না! সংগীত পরিবারটা কেমন যেন হয়ে যাচ্ছে! গায়ক আসিফ না, মানুষ আসিফ এর কথা বলছি। যিনি আমার চোখে দেখা অন্যতম আশাবাদী মানুষ (হোপফুল পার্সন)। একজন লিডার, একজন পরোপকারী।
আমি মানি, একজন শিল্পীর যেমন শালীন, নম্র, সুভাষী হলে শোভা পায়, তেমনি ক্ষমাশীল হওয়াটাও শিল্পীর অন্যতম চরিত্র। ভুল তো মানুষেরই হয়। আমরা কেউই ভুলের উর্দ্ধে নই! আসিফ ভাই আপনি ফিরে আসুন। এসে সব ঠিক করে দেন। ভালোবাসা থাকুক অবিরাম।”

No comments:
Post a Comment