রঙিন ডেস্ক : ওয়ানডে অধিনায়ক মাশরাফির নেতৃত্বেই আজ প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ সফররত বাংলাদেশ দল।জ্যামাইকার কিংস্টনে স্থানীয় ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলরস একাদশের বিরুদ্ধে এক মাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ।বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় স্যাবাইনা পার্কে ম্যাচটি শুরু হবে।যদিও মাশরাফির প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে ছিল সংশয়।কিন্তু ম্যাচের আগেই মাশরাফি জ্যামাইকায় পৌঁছে যাওয়ায় খেলা নিয়ে কোনো সংশয় নেই।
কন্ডিশনে ও ওয়ানডে ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতেই মূলত আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফরকারীরা। জ্যামাইকায় প্রস্তুতি ম্যাচ খেললেও বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে অবশ্য অনুষ্ঠিত হবে গায়নায় আগামী ২২ জুলাই। একই ভেন্যুতে ২৫ জুলাই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ জুলাই। প্রথম ও তৃতীয় ওয়ানডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এবং দ্বিতীয় ওয়ানডে রাত সাড়ে ১২টায় শুরু হবে।
আরো পড়ুন :-অনুশীলন ম্যাচ খেলতে পারছেন না মাশরাফি
টেস্টের বিপর্যস্ত পারফরম্যান্সের পর গোটা দলই কিছুটা এলোমেলো রয়েছে। ক্রিকেটারদের আত্মবিশ্বাসেও চিড় ধরেছে। জ্যামাইকা পৌঁছে তাই দলের মাঝে স্বস্তি ফিরিয়ে আনাই হবে মাশরাফির প্রধান কাজ। একই সঙ্গে টেস্টের ব্যর্থতাকে চাপা দিয়ে ওয়ানডের আগে দলকে উজ্জীবিত করতে হবে, আত্মবিশ্বাস ফেরাতে হবে গোটা শিবিরে। বিশেষ করে টেস্ট সিরিজে ব্যর্থ হওয়া ব্যাটসম্যানদের ছন্দে ফেরাটা চ্যালেঞ্জিং হবে ওয়ানডেতেও। কন্ডিশন বৈরী হলেও এই ফরম্যাটে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলা নিশ্চিত করতে পারলে উইন্ডিজদের বিপক্ষে জয়ের আশা করতেই পারে বাংলাদেশ।

No comments:
Post a Comment