rongginnbd
Wednesday, August 29, 2018
পিছিয়ে গেলো জয়ার প্রযোজনায় প্রথম সিনেমা ‘দেবী’
রঙিন ডেস্ক:
বিগত দিনে বাংলা চলচ্চিত্রে অভিনব কৌশলে এমন প্রমোশন দেখেনি, যা দেখিয়ে যাচ্ছে মুক্তির প্রতীক্ষায় থাকা আলোচিত চলচ্চিত্র ‘দেবী’। অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ছবিটির মাধ্যমে প্রথমবার প্রযোজনায় নাম লেখান অভিনেত্রী জয়া আহসান। আসছে সেপ্টেম্বরের ৭ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ সময়ে এসে ছবিটি মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে। কেন পিছিয়ে দেয়া হলো ছবি মুক্তির তারিখ? তার কারণ জানালেন প্রযোজক জয়া আহসান।
‘দেবী’র পোস্টার, টিজার আর ট্রেলার প্রকাশের পর পর ছবিটি নিয়ে সব শ্রেণির দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়। ছবিটি নিয়ে নিজেদের মুগ্ধতা আর প্রতীক্ষার কথা জানিয়েছেন কলকাতা ও ঢাকার তারকারাও। পোস্টার, টিজার প্রকাশের পর থেকেই ‘দেবী’ নিয়ে মানুষের মধ্যে যে তীব্র আকাঙ্ক্ষা দেখা যাচ্ছিলো, তা যেনো আরো বাড়িয়ে দিয়েছে তারকাদের প্রমোশনাল ভিডিও ক্লিপগুলো। সবাই ছবিটি হলে গিয়ে দেখতে ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু হঠাৎ পিছিয়ে দেয়া হলো ছবি মুক্তির তারিখ।
‘দেবী’ পিছিয়ে দেয়ার কারণ জানিয়ে প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান বলেন,কথা ছিল ‘দেবী’ আসছে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আমরা ‘দেবী’ টিম চলচ্চিত্রটি মুক্তির তারিখ পিছিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি।
আরো পড়ুন:
ঈদের সপ্তমদিন ‘যে গল্পের শেষ নেই’
সবার কাছে ‘দেবী’র জন্য আরেকটি মাস সময় চেয়ে জয়া বলেন, ‘দেবী’ এখন শুধু একটি চলচ্চিত্র নয়, ‘দেবী’ আমার কাছে একটি সম্পদ। আমার শুভাকাঙ্খীদের জন্য আমার উপহার। আর এই উপহার শুভ দিনে শুভ ক্ষণেই দর্শকদের কাছে তুলে দিতে চাই আমি। হুমায়ূন আহমেদ এবং তার সৃষ্ট মিসির আলি, রানু, আনিস, নীলু, আহমেদ সাবেত চরিত্রগুলো বড় পর্দায় দেখবার জন্য আমি মুখিয়ে আছি। আমি নিশ্চিত আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের এই আগ্রহের প্রতি সম্মান রেখেই আরেকটি মাস আপনাদের কাছে চাইছি।
আগামী অক্টোবরের মাঝামাঝিতে ‘দেবী’ মুক্তি দিবেন জানিয়ে জয়া আরো বলেন, ‘দেবী’ যেহেতু সরকারি অনুদান পেয়েছে, সবার আগে অনুদান কমিটি ছবিটি দেখবেন। আমাদের সেন্সর বোর্ডের বিজ্ঞ জুরিবোর্ড দেখবেন। তাদের মতামত পাবার পরপরই আমরা ‘দেবী’ আপনাদের কাছে তুলে দিতে পারবো। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ে বড় পর্দায় দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘দেবী’।
জয়া আহসান এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র প্রযোজনায় নির্মিত ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রানুর স্বামীর চরিত্রে আছেন অনিমেষ আইচ, নীলু চরিত্রে শবনম ফারিয়া এবং আহমেদ সাবেরের চরিত্রে আছেন ইরেশ যাকের। সূত্র: চ্যানেল আই অনলাইন
দর্শকের অনুরোধে আবারো টিভি পর্দায় ‘আয়েশা’
রঙিন ডেস্ক:
চ্যানেল আইয়ের এবারের ঈদ আয়োজনে সবচেয়ে বড় চমক ছিলো ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর সাতটি নাটক। মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে নতুন ও পুরনো নির্মাতাদের নিয়ে শুরু হয়েছিলো এই প্রজেক্ট। ঈদের দিন থেকে টানা সাতদিন! যার শেষ দিন মঙ্গলবার (২৮ আগস্ট)।
এরইমধ্যে প্রচার হওয়া নাটক ও টেলিছবিগুলোর মধ্যে ফারুকীর ‘আয়েশা’ আলোচনার শীর্ষে। চারদিকে ‘আয়েশা’র জয়গান। দর্শকের অনুরোধে তুমুল প্রশংসিত ‘আয়েশা’ ফের চ্যানেল আইয়ে সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ।
ঈদের দিন থেকেই চ্যানেল আইয়ের পর্দায় দেখা যায় ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’ ধামাকা! ঈদের দ্বিতীয় দিন দুই পর্বে প্রচার হয় ফারুকীর ‘আয়েশা’। এর মাধ্যমে অনেকদিন পর টিভিতে ফারুকীর কোনো নির্মাণ দেখার সৌভাগ্য হয় দর্শকের। কারণ এটি ছিল টেলিভিশনের জন্য তার আট বছর পর কোনো কাজ। আনিসুল হকের লেখা উপন্যাস ‘আয়েশামঙ্গল’ অবলম্বনে তিনি নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘আয়েশা’ যার প্রশংসায় পঞ্চমুখ সব শ্রেণির দর্শক।
আরো পড়ুন:
ইউটিউবে সাড়া জাগিয়েছে ‘লাইফ পার্টনার’
বিশেষ করে সোশাল মিডিয়ায় ‘আয়েশা’ নিয়ে কথা বলছেন সব শ্রেণির মানুষ। বাহবা পাচ্ছেন ফারুকী। অনেকেই আবেগাপ্লুত হয়ে রাখঢাক না রেখেই বলে ফেলছেন, নির্মাণে সিনেমার চেয়েও দুর্দান্ত হয়েছে ‘আয়েশা’! শুধু বিনোদন নয়, হৃদয়-মন ছুঁয়ে যাওয়া মনে রাখার মতো কাজ করেছেন ফারুকী।
‘আয়েশা’ প্রচার হওয়ার পর দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শক ফোনে তাদের পছন্দের কথা জানিয়েছেন। ভালো লাগার কথা জানিয়েছেন। অনেকে ‘আয়েশা’ পুনরায় টেলিভিশনে সম্প্রচারের অনুরোধ করেন। তাদের কথা বিবেচনা করে বুধবার (২৯ আগস্ট) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় আবারো দেখানো হবে আলোচিত ‘আয়েশা’ টেলিছবিটি।
আনিসুল হকের উপন্যাস ‘আয়েশামঙ্গল’ অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘আয়েশা’-নাটকে কেন্দ্রীয় আয়েশা চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে নিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। নাটকে তার স্বামী জয়নালের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সূত্র: চ্যানেল আই অনলাইন
এবারও তুমুল সাড়া ফেলেছে ‘কলুর বলদ ২’
রঙিন ডেস্ক:
চ্যানেল আইয়ে গত ঈদুল ফিতরে প্রচার হয়েছিল সাজ্জাদ সুমন পরিচালিত নাটক ‘কলুর বলদ’। প্রবাসীদের জীবন কাহিনি নিয়ে নির্মিত ওই নাটকটি প্রচারের পর তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।
নাটকটির সাফল্যের ধারাবাহিকতায় ঈদুল আজহাতেও নির্মিত হয় ‘কলুর বলদ’র সিক্যুয়াল ‘কলুর বলদ ২’। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এই নাটকটিও সাড়া ফেললো বেশ। সচরাচর সিক্যুয়ালের নাটক প্রথমটি থেকে দ্বিতীয়টি আলোচিত হতে তেমন দেখা যায়না। এমন বহু নজির রয়েছে। তবে ব্যতিক্রম দেখা গেল ‘কলুর বলদ ২’-তে। এবারও তুমুল সাড়া ফেলেছে প্রবাসীদের সুখ, দুঃখ, পারিবারিক টানাপড়েন, মায়ের মমতা এসবকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি।
চ্যানেল আইতে নাটকটি প্রচারের পর ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘কলুর বলদ ২’। ২৪ ঘন্টার আগেই প্রায় তিন লাখ দর্শক দেখেছেন নাটকটি। এছাড়া ইউটিউব ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও নাটকটি ডাউনলোড করে দেখছেন দর্শক।
আরো পড়ুন:
ইউটিউবে সাড়া জাগিয়েছে ‘লাইফ পার্টনার’
এছাড়া বুধবার সকাল ১০টা পর্যন্ত চার হাজার দর্শক নাটকটি দেখে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে মন্তব্য করেছেন। হাজারও মন্তব্যে ভাষা এমন, এমন গল্পে নাটক নির্মাণের জন্য চ্যানেল আই কর্তৃপক্ষ এবং নির্মাতাকে ধন্যবাদ। এই নাটকের পুরো টিমকে অভিনন্দন। শুধু তাই নয়, নাটকটি দেখে হাজারও দর্শক কেঁদেছেন।
সেটাও উল্লেখ করেছেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাঙালিরা ‘কলুর বলদ ২’ দেখে নিজের খুঁজে পাচ্ছেন। ঈদের ষষ্ঠ দিন চ্যানেল আইয়ে প্রচার হয়েছে। জানা গেছে, দর্শকদের বিশেষ অনুরোধে নাটকটি মঙ্গলবার(২৮ আগস্ট) আবার চ্যানেল আইয়ের পর্দার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে প্রচার হবে।
‘কলুর বলদ ২’ তে অভিনয় করেছেন রিয়াজ, ফারহানা মিলি, দিলারা জামান, নিকুল কুমার, মনিরা মিঠু, হিমে হাফিজ, জাহিদ আখন্দ প্রমুখ। ‘কলুর বলদ’ এর মতো এবারের ‘কলুর বলদ ২’ এর গল্পও লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। সূত্র: চ্যানেল আই অনলাইন
বিয়ের দাওয়াত দিলেন মিথিলা!
রঙিন ডেস্ক:
শিরোনামটি পড়ে নিশ্চয় ভাবছেন অভিনেতা ও গায়ক তাহসানের সাথে বিচ্ছেদের পর আবারো বিয়ে করতে যাচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা! তাহলে ভুল ভাবচ্ছেন পাঠক।
আসলে ‘বিয়ের দাওয়াত রইলো’ শিরোনমের টেলিছবিতে অভিনয় করেছেন মিথিলা। বিয়েবাড়ির কথা এলেই চোখের সামনে ভেসে ওঠে উৎসবে ঘেরা রঙিন ছবি। সেই বিয়ে নিয়ে সবার বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এমনই বিয়েবাড়ির গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবিটি।
মারুফ রেহমানের গল্পে টেলিছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এতে মিথিলার চরিত্রের নাম রানী, পেশায় ডাক্তার। কিন্তু তিনজন পাত্র তাকে পছন্দ করে ফেলে। তার বিয়ে নিয়ে দেখা দেয় জটিল পরিস্থিতি। নাটকটির কিছু প্রোমশন ভিডিও দেয়া হয়েছে বাংলালিঙ্কের ফেসবুক পেজে।
আরো পড়ুন:
আটকে থাকা ‘নোলক’ শেষ করছেন শাকিব খান
নাটকটি সম্পর্কে মিথিলা বলেন, ‘দারুণ একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। এতে অভিনয় করতে পেরে ভালো লাগা কাজ করছে। নাটকের পুরো ইউনিটও অনেক খেটেছে। আর রেদওয়ান রনির নাটক নিয়ে তো কোনো কথা থাকে না। আশা করছি, সবাই একটি ভালো নাটক উপহার পাবেন।’
নির্মাতা রনি বলেন, ‘নাটকটির গল্প বেশ মজার। বিয়ে নিয়ে তো মেয়েদের নানা রকম বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়। কিন্তু কীভাবে তা মোকাবেলা করতে পারে, সে ভাবনা থেকেই নাটকটি নির্মাণ করেছি।’
টেলিছবিতে মিথিলা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, মনোজ কুমার, স্পর্শিয়া, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, চৈতী, নাফা, সোহেল খান প্রমুখ। আগামী ৩১ আগস্ট রাত ১১টায় এনটিভি ও বাংলালিঙ্কের ভিডিও স্ট্রিমিং সার্ভিস Banglaflix-এ নাটকটি একসাথে প্রচার হবে।
প্রশংসায় ভাসছে ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’
রঙিন ডেস্ক:
পুরো ঈদ জুড়েই চমক দেখালো মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর সাতটি টিভি ফিকশন। ঈদের প্রথম দিন থেকে চ্যানেল আইয়ের পর্দায় ঈদের সপ্তম দিন পর্যন্ত এ চমক অব্যাহত ছিলো। যার সমাপ্তি হলো একজন সৎ মেকাপ ম্যানের গল্প ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ প্রচারের মধ্য দিয়ে।
ফারুকী
র তত্ত্বাবধানে নতুন ও পুরনো নির্মাতাদের নিয়ে নির্মিত টিভি ফিকশনগুলো নিয়ে ঈদের সাতদিন সরগরম ছিলো চ্যানেল আইয়ের পর্দা। মাহমুদুল ইসলামের পরিচালনায় মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ৯টা ৩৫ মিনিটে ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ দেখানোর মধ্য দিয়ে যার সমাপ্তি ঘটলো।
টেলিভিশনের পর্দায়তো বটেই, ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর প্রতিটি কাজই প্রশংসা পেয়েছে অনলাইনেও। চ্যানেল আইয়ের ইউটিউবে দেয়ার পরে সব শ্রেণির দর্শকের কাছে গ্রহণযোগ্য আদায় করে নিয়েছে সবগুলো কাজ। এরমধ্যে ফারুকীর ‘আয়েশা’ আলোচনার শীর্ষে। চারদিকে ‘আয়েশা’র জয়গান। দর্শকের অনুরোধে তুমুল প্রশংসিত ‘আয়েশা’ ফের চ্যানেল আইয়ে সম্প্রচারের সিদ্ধান্তও নিয়েছে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ। বুধবার দুপুর ৩টা ৫ মিনিটে যা চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে।
আরো পড়ুন:
১০০ কোটির ক্লাবে অক্ষয়ের ‘গোল্ড’
‘আয়েশা’র জয়গান যখন চারদিকে অব্যাহত তখন অনলাইনে প্রশংসার চূড়ান্তে মাহমুদুল ইসলামের পরিচালনায় নাটক ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’। কামরুজ্জামান কামু ও নাবিলার অনবদ্ধ অভিনয়ের প্রশংসা করছেন সকলে। নাটকটি চ্যানেল আইয়ের ইউটিউব থেকে সোশাল মিডিয়ায় শেয়ার করছেন অনেক নামি দামি নির্মাতা, অভিনেতা। লাখ লাখ ভিউ না পেলেও এ নাটকটি যে জীবন বোধ সম্পন্ন মানুষের হৃদয় নাড়া দিয়ে যাবে এটা নিশ্চিত। অন্তত এমনটা মনে করছেন স্বয়ং ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ নির্মাতা।
তারা প্রশংসা করছেন নাটকটির গল্পের, নির্মাণ শৈলীর এবং একজন মেকাপ ম্যানের চরিত্রে কামুর অনবদ্ধ অভিনয়ের। তারা বলছেন, ভাঁড়ামোর ভিড়ে ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ নাটকটি যেন জীবন বোধের গল্প। যা ছুঁয়ে যাবে সব শ্রেণির মানুষকে। সৎ মেকাপ ম্যানের চরিত্রে নাবিলার যেরকম হওয়া দরকার ছিলো, তিনি যেন তার পুরোটাই দিয়ে অভিনয় করেছেন। এরআগে এতো নেচারাল অভিনয়ে নাবিলাকে খুব একটা দেখা যায়নি। মুকিত মজুমদারও অসাধারণ অভিনয়ের সাক্ষর রেখেছেন। তারও প্রশংসা করছেন অনলাইনের দর্শকরা। সূত্র: চ্যানেল আই অনলাইন
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)