rongginnbd
Thursday, November 9, 2017
ভয়াবহ দুর্ভিক্ষের মুখে ইয়েমেন
রঙিন ডেস্ক:
গত কয়েক দশকে বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের মুখে পড়তে যাচ্ছে ইয়েমেন। এর ভুক্তভোগী হবে লাখ লাখ মানুষ। জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে এ কথা বলেছেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের পর স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের বিষয়টি জানান জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক। জাতিসংঘের এই কর্মকর্তা সংঘাতপীড়িত দেশটির ওপর থেকে সৌদির নেতৃত্বাধীন জোটের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান।
আকাশ, নৌ ও স্থলপথে অবরোধের কারণে যুদ্ধবিধস্ত ইয়েমেনে দ্রুত সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালেদ বিমানবন্দরের কাছে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সোমবার সৌদি জোট ইয়েমেনে প্রবেশের সব পথ বন্ধ করে দেয়।
ইয়েমেনের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ থাকা হুতিদের এ ক্ষেপণাস্ত্র হামলাকে ‘বিপজ্জনক মাত্রাবৃদ্ধি’ বলেও বর্ণনা করে তারা।
তেহরান যেন আর ইয়েমেনে অস্ত্র পাঠাতে না পারে সেজন্য এই অবরোধ দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে সৌদি জোট। অন্যদিকে ইরান হুতিদের অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করে আসছে।
অবরোধের আগে এ সপ্তাহের শুরুতেও জাতিসংঘ এবং রেড ক্রস জীবন রক্ষাকারী সাহায্যের ওপর নির্ভরশীল লাখ লাখ ইয়েমেনির ‘বিপর্যয়কর পরিস্থিতি’ নিয়ে সতর্ক করেছিল।
রেড ক্রস বলছে, তাদের ক্লোরিন ট্যাবলেটের একটি চালান অবরোধে আটকে গেছে। কলেরা মহামারির ঝুঁকিতে থাকা অন্তত ৯ লাখ ইয়েমেনির জন্য এই ট্যাবলেট সরবরাহ করা জরুরি।
বিবিসি বলছে, যুদ্ধবিধ্বস্ত দেশটির সিংহভাগ নাগরিকই বাইরের সাহায্যের ওপর নির্ভরশীল। কিন্তু অবরোধের কারণে এখন খাদ্য, জ্বালানি কিংবা ওষুধ কিছুই ভেতরে যেতে পারছে না। অন্যদিকে জাতিসংঘ বলছে, অবরোধের কারণে ৭ লাখ লোক দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে।
২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপ করার পর থেকে সেখানকার পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে বলে জানিয়েছে জাতিসংঘ। দুই বছরে দেশটিতে প্রায় ৯ হাজার লোকের মৃত্যু হয়েছে, যার ৬০ শতাংশই বেসামরিক নাগরিক। আহতের সংখ্যাও ছাড়িয়ে গেছে ৫০ হাজার।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment