rongginnbd
Saturday, December 23, 2017
উত্তেজনা ছড়িয়ে আর্সেনাল-লিভারপুলের ড্র
রঙিন ডেস্ক :
উত্তেজনা ছড়িয়ে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়লো ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফেভারিট আর্সেনাল ও লিভারপুলের খেলোয়াড়রা। প্রতিপক্ষের মাঠে লিভারপুল শুরুর দিকে এগিয়ে থাকলেও তাদের জিততে দেয়নি আর্সেনাল। এদিন এমিরেটস স্টেডিয়ামে দারুণ এক লড়াইয়েই মেতেছিলো দুই দল।
শুক্রবার রুদ্ধশ্বাস এ ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩।
ম্যাচের ২৬তম মিনিটে ফিলিপে কৌটিনহোর গোলে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। এবারের লিগে এই নিয়ে সর্বোচ্চ ১৫ গোল করলেন মিশরের এই ফরোয়ার্ড।
দুই গোল হজম করে আক্রমণাত্মক হয়ে ওঠে আর্সেনাল। ৫৩তম মিনিটে আলেক্সিস সানচেজের হেডে ব্যবধান কমায় আর্সেন বাহিনী। মিনিট তিনেক পর গ্রানিত জাকারের বিদ্যুৎ গতির শটে সমতায় ফেরে আর্সেনাল।
৫৮ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন ওজিল। টানা গোল খেয়ে খানিকটা হতাশ হয়ে পড়ে লিভারপুল শিবির। কেন জানি আশাটা ফিঁকে হয়ে আসছে। ঠিক এমন মুহূর্তে অল রেডসদের মুখে হাসি ফোটান ফিরমিনো। ৭১তম মিনিটে এমরে কানের বাড়ানো বল থেকে দলকে সমতায় ফেরান এই ব্রাজিলিয়ান।
এই ড্রয়ে ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল।
শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির অর্জন ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তিনে থাকা চেলসির ঝুলিতে ৩৮ পয়েন্ট।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment