rongginnbd
Thursday, December 21, 2017
জ্যোতীকার ‘শ্রীকান্ত ও রাজলক্ষ্মী’
রঙিন ডেস্ক :
কলকাতার সিনেমায় অভিনয় শুরু করছেন ঢাকার জনপ্রিয় মুখ জ্যোতিকা জ্যোতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস ‘শ্রীকান্ত’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। আইকনিক চরিত্র ‘রাজলক্ষ্মী’র ভূমিকায় দেখা যাবে এ নায়িকাকে। আর সিনেমাটির নাম ‘শ্রীকান্ত ও রাজলক্ষ্মী’।
জ্যোতি সুখবরটি দেন মাস ছয়েক আগে। এরপর কয়েক মাসে প্রস্তুতির বিরাম ছিল না তার। ঢাকা-কলকাতা করেছেনও কয়েকবার। বুধবার সেই সিনেমার ক্যামেরা ওপেন হলো। প্রথমদিনই তাকে পাওয়া গেল রাজলক্ষ্মী সাজে।
ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে জ্যোতি ফেসবুকে স্মরণ করেন অতীতকে। ‘আমার সাত-সতেরো’ শিরোনামের পোস্টে লেখেন, ‘সবুজ শ্যামল গ্রাম ছেড়ে এক বুক স্বপ্নের জোরে আলো ঝলমলে যাদুর শহর ঢাকায় এসেছিলাম ২০০৭ সালে। অভিনয়কে ভালোবেসে জীবনের সব স্বাদ-আহ্লাদ ত্যাগ করে আজ অব্দি যুদ্ধ করে যাচ্ছি একা। ফলাফলের হিসেব মেলানোর সাহস হয়নি এখনো। প্রতিদিনই যেন শূন্য থেকে শুরু হয় আমার!’
জ্যোতি লেখেন, “২০১৭-তে দেশের ভূগোল পেরিয়ে শুরু করছি নতুন যাত্রা। এখন আমার স্বপ্নদের আরো অনেক অনেক পাখা! সেই পাখায় ভর করে উড়ছি নতুন আকাশে। আবার কখনো পাখা খসে যাওয়ার বেদনা ঢাকি রঙিন মেকাপে। এগিয়ে যাই, ঠিকানা জানি না। আর কেই বা জানে স্বপ্নের ঠিকানা! তবু পাথেয় হয় আকাশছোঁয়া স্বপ্নের শক্তি। কাজ শুরু করছি এক নতুন দেশে, নতুন ইন্ডাস্ট্রিতে। আজ সুর্যোদয়ের সাথে সাথে ‘রাজলক্ষী’ হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি। একদম জীবনের প্রথম দিনের শুটিংয়ের মতো অনুভূতি হচ্ছে! আমাকে রাখবেন আপনাদের শুভকামনায়।”
ঢাকা-কলকাতায় ইতোমধ্যে একাধিকবার ‘শ্রীকান্ত’ অবলম্বনে সিনেমা নির্মিত হয়েছে। নতুনটি আগের মতো পিরিয়ড ড্রামা নয়, হাল আমলের শ্রীকান্ত ও রাজলক্ষ্মীকে পাওয়া যাবে এতে।
ছবিটি তৈরি করছেন ‘বাকিটা ব্যক্তিগত’-খ্যাত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। শ্রীকান্তের ভূমিকায় ‘শব্দ’-খ্যাত ঋত্বিক চক্রবর্তী।
‘শ্রীকান্ত ও রাজলক্ষ্মী’ সম্পর্কে প্রদীপ্ত জানান, অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যা, নারীপাচার, চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ— সবই থাকবে ছবিতে। এখানে রাজলক্ষ্মী ওপার বাংলা থেকে চলে আসা ছিন্নমূল পরিবারের কন্যা। পরে নারী পাচার চক্রের জেরে যাকে নামতে হয় দেহব্যবসায়।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment