Tuesday, January 9, 2018

বাংলাদেশি ভক্তদের উপহারে উচ্ছ্বাসিত দীপিকা

রঙিন ডেস্ক: গত ৫ জানুয়ারি ছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্মদিন। শ্রীলঙ্কায় ভরপুর আনন্দে উদযাপন হয় তার জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর ও দীপিকার পরিবারের সদস্যরা। রণবীরের মা-বাবা দীপিকাকে একটি দামি হীরের গহনা সেট ও একটি সব্যসাচী শাড়ি উপহার দিয়েছেন। এটি পেয়ে তিনি খুবই খুশি হয়েছেন। সত্যিই তার জন্য এটি একটি বিশেষ উপলক্ষ ছিল।
এদিকে ভক্তরাও প্রিয় অভিনেত্রীর জন্মদিনে উপহার দিতে ভোলেননি। সে খবরটিও পাওয়া গেল গণমাধ্যমের সূত্রেই। তবে এবার ভক্তদের উপহারের বিষয়টি আলাদা করে আলোচনায় এসেছে। আর সেটি হলো- প্রিয় নায়িকার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে ভক্তরা একটি নতুন নলকূপ খনন করেছেন। সৌদি আরবে কর্মরত তার প্রবাসী ভক্তরা রীতিমতো তহবিল গঠন করে প্রিয় নায়িকাকে বিশেষ উপহার দিয়েছেন। আর দীপিকার সেই ফ্যান ক্লাবে রয়েছেন বাংলাদেশি ভক্তরাও।
গত ৬ জানুয়ারি দীপিকা তার আরব ফ্যান পেজ থেকে সেই নলকূপের কয়েকটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে যা লিখেছেন, তার বাংলা অর্থ দাঁড়ায়- ‘প্রিয় নায়িকা দীপিকার জন্মদিনে আমাদের পক্ষ থেকে বিশেষ এ উপহার। একটি গ্রামে আমরা আপনার আরবের ভক্তরা তহবিল সংগ্রহ করে এই পানির কূপ স্থাপন করেছি। আশা করি, আপনার ভালো লাগবে।’ এদিকে সাদা পাথরের সে নামফলকটিতে আরবি হরফে শুভেচ্ছাবাণীও লেখা হয়েছে, সঙ্গে রয়েছে এ নায়িকার দীর্ঘায়ু কামনা।
বর্তমানে টিউবওয়েলটি গ্রামের মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এদিকে বাংলাদেশের ভক্তদের এমন উদ্যোগে উচ্ছ্বাসিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেই টুইটে তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। ৮ জানুয়ারি দিপীকা টুইটারে লিখেছেন, ‘পৃথিবীতে একটি সুন্দর ও সুখী স্থান বানানোর জন্য আপনাদের এই মহৎ অবদান আমার মন ছুঁয়ে গেছে। জন্মদিনে এর চেয়ে সেরা উপহার আর কী হতে পারে! আপনাদের নিয়ে আমার গর্ব হচ্ছে।’

No comments:

Post a Comment